গিয়াস সানির কথা ও সুরে পারভেজ খানের কণ্ঠে ‘আদুরী’
গিয়াস সানি ও পারভেজ খান। ছবি: নিউজবাংলাদেশ
গীতিকার গিয়াস সানি’র কথা ও সুরে নতুন গান ‘আদুরী’ প্রকাশিত হয়েছে। কে এ মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল থেকে গানটি মুক্তি পেয়েছে। এতে কণ্ঠ দিয়েছেন সময়ের তরুণ কণ্ঠশিল্পী পারভেজ খান।
গানটির সংগীত পরিচালনা করেছেন এ এন ফরহাদ। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সালমান আহমেদ সোহাগ। ভিডিওতে অভিনয় করেছেন এম এইচ সিফাত ও তানিশা তানহা। প্রকাশের পর থেকেই গানটি দর্শক-শ্রোতাদের ইতিবাচক সাড়া পাচ্ছে।
গানটি প্রসঙ্গে গীতিকার গিয়াস সানি বলেন,‘আদুরী’ আমার জন্য খুবই বিশেষ একটি গান। সহজ ও আবেগী কথার ভেতর দিয়ে ভালোবাসার একান্ত অনুভূতিটা তুলে ধরার চেষ্টা করেছি। পারভেজ খানের কণ্ঠে গানটি আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। সংগীত পরিচালক এ এন ফরহাদ ও পুরো টিম খুব যত্ন নিয়ে কাজ করেছে। আশা করি গানটি শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেবে।
উল্লেখ্য, গীতিকার গিয়াস সানি ২০১৪ সালে জনপ্রিয় কণ্ঠশিল্পী এফ এ সুমন–এর সর্বোচ্চ ব্যবসাসফল সিডি অ্যালবাম ‘যাদুরে’-তে থাকা ‘ওরে প্রিয়া’ গানের মাধ্যমে আত্মপ্রকাশ করেন। এরপর থেকে তার গীতিকবিতায় কণ্ঠ দিয়েছেন দেশের বহু খ্যাতিমান শিল্পী।
তার উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে- এফ এ সুমন: ওরে প্রিয়া, জনম ঋনী, দিল দরদিয়া, বেলাল খান: বালুচর, মহুয়া মুনা: মায়াতে বান্দিয়া, ভাইরাল বন্ধু, এ এইচ তূর্য: তুই বেঈমানের মুখ, রাফিকুল আলম: সুখের বাতি, গরীব সঞ্জয়: জ্বালা জ্বালা, ওয়াহিদ ও নুসরাত কৃর্তি: সুখের ঠিকানা, তামিম ইসলাম: ছলনাময়ী, ব্যখ্যা, দিলরুবা খান: প্রেমের তাজমহল, সজিব শান: আলগা পিরীতি।
আরও পড়ুন: নারীদের বোটক্স কারার পক্ষে নন কেট উইন্সলেট
গীতিকার হিসেবে গিয়াস সানি দেশের সর্বোচ্চ পর্যায়ের প্রায় সব অডিও কোম্পানিতেই কাজ করেছেন। নতুন গান ‘আদুরী’ তার সংগীতযাত্রায় আরও একটি উল্লেখযোগ্য সংযোজন হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নিউজবাংলাদেশ.কম/এসবি








