অপুকে নিয়ে বন্ধন বিশ্বাসের নতুন সিনেমা ‘সিক্রেট’
ছবি: নিউজবাংলাদেশ
নির্মাতা বন্ধন বিশ্বাস তার নতুন চলচ্চিত্র ‘সিক্রেট’–এর শুটিং শুরু করতে যাচ্ছেন। এমকে প্রডাকশন হাউজের ব্যানারে নির্মিত এই সিনেমায় প্রধান তিন চরিত্রে অভিনয় করবেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস, তরুণ নায়ক আদর আজাদ এবং এক নবাগত নায়ক পীযূস সেন।
শুটিং শুরুর আগে সোমবার (৮ ডিসেম্বর) রাতে রাজধানীর মালিবাগের রাজবাড়ী চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিনেমা সংশ্লিষ্ট নানা তথ্য তুলে ধরেন সংশ্লিষ্টরা।
সংবাদ সম্মেলনে নির্মাতা বন্ধন বিশ্বাস বলেন, অপুর সঙ্গে এটি আমার তৃতীয় সিনেমা। সময়টা খুব হেল্পফুল। গল্প শুনেই সে কাজের প্রতি আগ্রহ প্রকাশ করেছে। এই ছবিতে অপুর বিপরীতে দু’জন নায়ক থাকছে। আমাদের নতুন যাত্রার জন্য সবার দোয়া চাই।
আরও পড়ুন: জলপাইয়ের সঙ্গে মিশে গেছে বুবলীর সৌন্দর্য
অভিনেত্রী অপু বিশ্বাস বলেন, ‘সিক্রেট’-এ দু’জন সুদর্শন নায়ক আমার সঙ্গে কাজ করছে। দু’বছর পর আবার একটি সিনেমায় যুক্ত হচ্ছি। আদর আজাদ একজন পরীক্ষিত নায়ক, আরেকজন ছোটপর্দার পরিচিত মুখ—এটাই তার প্রথম সিনেমা। তাকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। বন্ধন বিশ্বাসের সঙ্গে আমার এটি তৃতীয় কাজ—তিনি পরীক্ষিত পরিচালক। সব মিলিয়ে আশা করি ভালো একটি সিনেমা হবে।
অপু বিশ্বাস আরও বলেন, এখন অনেক প্রযোজক শাকিব খান ছাড়া সিনেমা নির্মাণে আগ্রহী হন না। এমন সময়ে আদর আজাদ ও নতুন নায়ককে নিয়ে চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য এমকে প্রডাকশনকে ধন্যবাদ জানাই।
সংশ্লিষ্টরা জানান, খুব শিগগিরই ‘সিক্রেট’-এর শুটিং শুরু হবে।
নিউজবাংলাদেশ.কম/পলি








