শতাব্দীর সবচেয়ে সংক্ষিপ্ত চন্দ্রগ্রহণ
আকাশ মেঘলা থাকায় ঢাকা থেকে দেখা না গেলেও বিশ্বজুড়ে গতকাল শনিবার রাতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয়েছে। ‘ব্লাড মুন’ নামে পরিচিত মাত্র পাঁচ মিনিটে সম্পন্ন এই ঘটনাটি শতাব্দীর সবচেয়ে সংক্ষিপ্ত চন্দ্রগ্রহণ।
জাপানের উত্তরাঞ্চল ও অস্ট্রেলিয়ার কয়েকটি অংশ এবং দক্ষিণ আমেরিকার পশ্চিমাঞ্চলের বিভিন্ন জায়গা থেকে গত রাতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যায়। আংশিক দেখা যায় দক্ষিণ আমেরিকা, ভারত, চীন ও রাশিয়ার কয়েকটি অঞ্চল থেকে।
ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের প্রায় সব এলাকা থেকে এই চন্দ্রগ্রহণের ঘটনার আংশিক দেখা যাওয়ার কথা ছিল। তবে, আকাশ মেঘলা থাকায় সে সুযোগ হারিয়েছেন আগ্রহীরা।
গতকালের চন্দ্রগ্রহণটি মাত্র পাঁচ মিনিটে সম্পন্ন হয়েছে। এটিকে শতাব্দীর সবচেয়ে সংক্ষিপ্ত চন্দ্রগ্রহণ। যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী স্কাই অ্যান্ড টেলিস্কোপ এই চন্দ্রগ্রহণকে ‘অস্বাভাবিক সংক্ষিপ্ত’ আখ্যা দিয়েছে। কোথাও কোথাও গ্রহণের সময় চাঁদ তামাটে লাল রং ধারণ করে। ঘটনাটি ‘ব্লাড মুন’ নামে পরিচিত।
বাংলাদেশ সময় গতকাল সন্ধ্যা ৬টা ১২ মিনিটে চাঁদ দিগন্ত রেখায় দৃশ্যমান হওয়ার পর গ্রহণ শুরু হয়। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে আংশিক গ্রহণ ও রাত ৮টা ৫৯ মিনিটে চন্দ্রগ্রহণের উপচ্ছায়া পর্যায় শেষ হয়।
বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি গতকাল চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণের জন্য বিজ্ঞান জাদুঘরে বিশেষ আয়োজন করেছিল। তবে, আকাশে মেঘ থাকায় তা দেখা যায়নি। ঢাকার বাইরে কোথাও এ গ্রহণ দেখার খবর পাওয়া যায় নি।
প্রসঙ্গত, সূর্য, পৃথিবী ও চাঁদ যখন একই সরলরেখায় অবস্থান নেয়, তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে। মহাজাগতিক এ ঘটনা চন্দ্রগ্রহণ নামে পরিচিত।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








