বরিশালে চরমোনাই মাহফিলের লঞ্চডুবি
ছবি: সংগৃহীত
বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে বার্ষিক মাহফিলকে কেন্দ্র করে আসা ‘এমভি মানিক-৪’ নামে একটি রিজার্ভ লঞ্চ ডুবির ঘটনা ঘটেছে।
বুধবার (০১ এপ্রিল) দুপুর ১২টার দিকে চরমোনাই মাদ্রাসা ঘাটে এই দুর্ঘটনা ঘটে। তবে লঞ্চটি যাত্রীশূন্য অবস্থায় ডুবে যাওয়ায় বড় ধরনের কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত মঙ্গলবার (৩১ মার্চ) রাতে মুন্সীগঞ্জের সিরাজদিখান এলাকা থেকে প্রায় ৩০০ মুসল্লি নিয়ে লঞ্চটি চরমোনাই মাহফিলের উদ্দেশ্যে ছেড়ে আসে। বুধবার ভোররাতে লঞ্চটি গন্তব্যে পৌঁছায় এবং সব যাত্রী নিরাপদে ঘাটে নেমে যান। যাত্রী নামানোর পর লঞ্চটি ফাঁকা অবস্থায় ঘাটে নোঙর করে রাখা হয়েছিল।
ধারণা করা হচ্ছে, রাতে জোয়ারের সময় পানি বেশি থাকায় লঞ্চটি তীরের বালুভর্তি বস্তার ওপর উঠে যায়। পরবর্তীতে দুপুরে ভাটা শুরু হলে নদীর পানি আশঙ্কাজনকভাবে কমে যায়। লঞ্চটি যথাযথভাবে মজবুত করে বেঁধে না রাখায় পানি কমার সাথে সাথে এটি ভারসাম্য হারিয়ে পেছনের দিকে হেলে পড়ে এবং একপর্যায়ে আংশিক বা সম্পূর্ণ ডুবে যায়।
আরও পড়ুন: শ্যামপুরে স্টিল মিলে বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৮
চরমোনাই মাহফিলের মিডিয়া সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার সময় যাত্রী বা লঞ্চের কোনো স্টাফ ভেতরে না থাকায় কেউ হতাহত হননি। তবে লঞ্চের ভেতরে থাকা মুসল্লিদের বেশ কিছু মালপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনার পরপরই বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর বরিশাল ইউনিটের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক উদ্ধার কাজ শুরু করে। বরিশাল নদী বন্দর কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, এখন পর্যন্ত কোনো নিখোঁজ বা হতাহতের খবর পাওয়া যায়নি। লঞ্চ মালিকের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং নদী বন্দর কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
লঞ্চ দুর্ঘটনার রেশ থাকলেও পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আজ বুধবার দুপুরে উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী চরমোনাইয়ের বার্ষিক মাহফিল আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করে যাচ্ছে। মাহফিল কর্তৃপক্ষ ও প্রশাসন থেকে জানানো হয়েছে, সার্বিক পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








