News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৩৯, ১০ জানুয়ারি ২০২৬

পঞ্চগড়ে টানা দুই দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা

পঞ্চগড়ে টানা দুই দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা

ছবি: সংগৃহীত

উত্তরের জেলা পঞ্চগড়ে টানা দুই দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।  শুক্রবার (৯ জানুয়ারি) জেলায় ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হওয়ায় মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে গেলেও একদিনের ব্যবধানে তাপমাত্রা কিছুটা বেড়েছে। বর্তমানে জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে তাপমাত্রা সামান্য বাড়লেও কমেনি শীতের দাপট। কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। উত্তর দিক থেকে বয়ে আসা পাহাড়ি হিম বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার।

সরেজমিনে দেখা গেছে, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ঘন কুয়াশায় চারপাশ আচ্ছন্ন ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কিছুটা কমলেও এখনও সূর্যের দেখা মেলেনি। তীব্র শীতের কারণে ব্যস্ততম সড়ক ও বাজারগুলোতে মানুষের উপস্থিতি ছিল কম। জীবিকার তাগিদে বের হওয়া নিম্ন আয়ের মানুষজন রাস্তার বিভিন্ন মোড়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

আরও পড়ুন: মুছাব্বির হত্যায় প্রধান শুটারসহ তিনজন গ্রেফতার

এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, “শীতের এই সময়ে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। একই সঙ্গে রাত ও দিনে উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা পাহাড়ি হিম বাতাসের কারণে কনকনে শীত অনুভূত হচ্ছে। পুরো জানুয়ারি মাসজুড়েই শীতের তীব্রতা থাকার আশঙ্কা রয়েছে।”

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়