তেজগাঁও কলেজ শিক্ষার্থীদের ফার্মগেট অবরোধ
ছবি: সংগৃহীত
সতীর্থ হত্যার বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর ফার্মগেট এলাকা। তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যাকাণ্ডের এক মাস পেরিয়ে গেলেও মূল অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় রবিবার (০৪ জানুয়ারি) সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষার্থীরা।
এতে ব্যস্ততম এই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, যার প্রভাব পড়েছে পুরো রাজধানীতে।
জানা গেছে, গত বছরের ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে মাদক সেবনকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে অন্তত তিনজন শিক্ষার্থী আহত হন। এতে গুরুতর আহত হন কলেজের উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা (১৮)। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। চার দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ১০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় রানার মৃত্যু হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, ঘটনার সিসিটিভি ফুটেজে আসামিদের স্পষ্টভাবে শনাক্ত করা গেলেও পুলিশ এখন পর্যন্ত মূল অভিযুক্তদের গ্রেপ্তার করেনি। প্রশাসনের এই ‘গড়িমসি’ এবং রাজনৈতিক চাপের কারণে কার্যকর পদক্ষেপ না নেওয়ার প্রতিবাদে আজ ‘ফার্মগেট ব্লকেড’ কর্মসূচি পালন করছেন তারা।
আরও পড়ুন: শৈলকুপায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক নদীতে, চালক ও হেলপার নিহত
সরেজমিনে দেখা যায়, রবিবার সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে শিক্ষার্থীরা দলে দলে ফার্মগেট মোড়ে জড়ো হতে শুরু করেন। বেলা সোয়া ১০টার দিকে কয়েকশ শিক্ষার্থী সড়কের ওপর অবস্থান নেন।
এ সময় তাদের কণ্ঠে ছিল বিভিন্ন প্রতিবাদী স্লোগান ‘দাবি মোদের একটাই, সাকিবুল হাসান রানা’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে?’, ‘সাকিব হত্যার বিচার চাই’।
আন্দোলনরত শিক্ষার্থী ফারহান আহমেদ বলেন, পুলিশ প্রথমে ৪৮ ঘণ্টা সময় চেয়েছিল, এরপর আরও সময় পার হলেও মূল আসামিরা ধরা পড়েনি। এটি একটি সুস্পষ্ট হত্যাকাণ্ড হলেও তা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। আমরা চাই অধ্যক্ষ নিজে বাদী হয়ে নাম প্রকাশ করে মামলা করুন। দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সকাল থেকেই ফার্মগেট মোড় ও আশপাশের সড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় অফিসগামী মানুষ ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। ফার্মগেট, তেজগাঁও, কারওয়ান বাজার ও খামারবাড়ি এলাকায় শত শত যানবাহন আটকে পড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
ভোগান্তির বর্ণনা দিতে গিয়ে একটি জাতীয় দৈনিকের জ্যেষ্ঠ সহসম্পাদক আবু হেনা মোস্তফা কামাল জানান, মোহাম্মদপুর থেকে কারওয়ান বাজার অফিসে পৌঁছাতে তার প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিট সময় লেগেছে, যা সাধারণত ৩০ মিনিটের পথ। খামারবাড়িতে গাড়ি আটকে যাওয়ায় শেষ পর্যন্ত হেঁটে গন্তব্যে পৌঁছাতে হয়েছে তাকে। দীর্ঘক্ষণ যানজটে আটকে থাকায় অনেক যাত্রী ক্ষোভ প্রকাশ করেছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তেজগাঁও কলেজের সামনে এবং ফার্মগেট মোড় এলাকায় বিপুল সংখ্যক অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে সড়ক সচল করার চেষ্টা করছেন। তবে শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় রয়েছেন।
নিউজবাংলাদেশ.কম/পলি








