শৈলকুপায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক নদীতে, চালক ও হেলপার নিহত
ছবি: সংগৃহীত
ঝিনাইদহের শৈলকুপায় নিয়ন্ত্রণ হারিয়ে পণ্যবাহী একটি ট্রাক ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়ে যাওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। এতে ট্রাকের চালক ও হেলপার দুজনেই প্রাণ হারিয়েছেন।
শনিবার (০৩ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ এলাকার বড়দাহ পুরাতন ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে যশোর থেকে ডাল বোঝাই করে একটি ট্রাক পাবনার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে রাত ১টার দিকে ট্রাকটি শৈলকুপার বড়দাহ পুরাতন ব্রিজে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এসময় ট্রাকটি ব্রিজের রেলিং ভেঙে সরাসরি নিচে কুমার নদে পড়ে তলিয়ে যায়। খবর পেয়ে শৈলকুপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর আজ রবিবার (০৪ জানুয়ারি) ভোরে প্রথমে হেলপার মুবারক হোসেন (২০) এবং সকাল ৮টার দিকে চালক সোহেল শেখের (২৭) মরদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
নিহত মুবারক হোসেন পাবনা সদর উপজেলার গাজামানিকুন্ডা গ্রামের জাফর মিয়ার ছেলে এবং সোহেল শেখ একই গ্রামের আবুল কালাম শেখের ছেলে। ফায়ার সার্ভিসের যশোর অঞ্চলের সহকারী পরিচালক আব্দুস সালাম উদ্ধার অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকেই পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজে নিয়োজিত ছিল। আজ সকালে চালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিউজবাংলাদেশ.কম/পলি








