হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক গ্রেফতার
ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদীর ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে এবং এর মালিক আব্দুল হান্নানকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-২ সূত্রে জানা গেছে, শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে হান্নানকে আটক করা হয় এবং পরে তাকে পল্টন থানা পুলিশের হেফাজতে হস্তান্তর করা হয়।
গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ২টা ২০–২৫ মিনিটের দিকে রাজধানীর বিজয়নগর এলাকার বক্স কালভার্ট রোডে হাদীকে লক্ষ্য করে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত গুলি ছোড়ে। হাদীকে বহনকারী অটোরিকশার কাছে গিয়ে তার মাথার কাছে পিস্তল ঠেকিয়ে হামলা চালানো হয়। হামলার পর হামলাকারীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
গুরুতর অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একটি অপারেশনের পর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি অ্যাসিস্ট্যান্ট ভেন্টিলেশনে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: ওসমান হাদী গুলিবিদ্ধ
র্যাব-২ জানিয়েছে, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর ‘ঢাকা মেট্রো-ল ৫৪-৬৩৭৫’। এই মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নান (৪০), বাবার নাম আব্দুল করিম, চাঁদ উদ্যান, মোহাম্মদপুর থানার এলাকায়। হান্নানকে প্রথমে র্যাব-২ আটক করে এবং পরে পল্টন থানায় হস্তান্তর করা হয়।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা কামাল খান জানান, র্যাব আমাদের একটি ব্যক্তিকে হস্তান্তর করেছে, যিনি হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক। মোটরসাইকেলটি এখনো উদ্ধার হয়নি, তবে বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।
হাদীর ওপর গুলির ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি।
পুলিশ জানিয়েছে, হাদির পরিবারের অপেক্ষায় রয়েছেন তারা, পরিবার চাইলে যে কোনো সময় মামলা করতে পারেন।
এর আগে শনিবার (১৩ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানায়, হামলাকারীদের একজনকে শনাক্ত করা হয়েছে এবং তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। র্যাব ও পুলিশ যৌথভাবে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে কাজ করছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








