News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:২৩, ৩০ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৯:৪২, ৩০ জানুয়ারি ২০২৬

হাতিয়ায় ফেরি উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপি-এনসিপির সংঘর্ষ, আহত ১০ 

হাতিয়ায় ফেরি উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপি-এনসিপির সংঘর্ষ, আহত ১০ 

ছবি: সংগৃহীত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ফেরি উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় নলছিরা ফেরি ঘাট এলাকায় নৌপরিবহন মন্ত্রণালয়ের পূর্বঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হাতিয়া থানার ওসি মো. সাইফুল আলম।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফেরি উদ্বোধন উপলক্ষে বিএনপি ও এনসিপির নেতাকর্মীরা নলছিরা ঘাটে জড়ো হন। এ সময় পাল্টাপাল্টি স্লোগান দেওয়ার জেরে প্রথমে কথাকাটাকাটি হয়। এরপর পরিস্থিতি হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার পর এনসিপির পক্ষ থেকে হামলার অভিযোগ তুলে জড়িতদের গ্রেফতারের দাবি জানানো হয়। অন্যদিকে বিএনপি তাদের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে ঘটনার জন্য এনসিপিকে দায়ী করেছে।

এনসিপির প্রার্থী আব্দুল হান্নান মাসউদ বলেন, হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার করা হোক। পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মাধ্যমে বিএনপি প্রার্থী মাহবুবের রহমান শামীম হাতিয়াতে সন্ত্রাসের রাজনীতি চালাতে চাচ্ছেন।

অন্যদিকে বিএনপির প্রার্থী মাহবুবের রহমান শামীম বলেন, হাতিয়ার মানুষ জানে, কারা সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে। এনসিপির লোকজনই বিনা কারণে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু বিচার চাই।

আরও পড়ুন: মিরপুরে ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাই

হাতিয়া থানার ওসি মো. সাইফুল আলম আরও জানান, মারামারির খবর পাওয়া গেছে, তবে আহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়