News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:০৮, ২৯ জানুয়ারি ২০২৬

মিরপুরে ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাই

মিরপুরে ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাই

ফাইল ছবি

ঢাকার মিরপুরের পল্লবী এলাকায় মোহাম্মদ হোসেন দীপু (৪৬) নামের এক মুদি ব্যবসায়ীকে গুলি করে নগদ ১৭ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে মিরপুর ১২ নম্বর সেকশনের ই-ব্লকের ১০ নম্বর রোডে জিয়া কলেজের সামনে এই হামলার ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ীর স্ত্রী আফরোজা জানান, ভোরে দোকান খোলার জন্য বাসার নিচে দাঁড়িয়ে ছিলেন মোহাম্মদ হোসেন। এ সময় মুখোশধারী তিন ছিনতাইকারী মোটরসাইকেলে এসে তার কাছে থাকা নগদ ১৭ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। এক পর্যায়ে তাদের একজন তার বাম পায়ের হাঁটুর ওপর গুলি চালায়। 

আফরোজা বলেন, প্রথমে তারা স্থানীয় কুর্মিটোলা হাসপাতালে মোহাম্মদ হোসেনকে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য সকাল সোয়া ৯টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: গোপালগঞ্জে বিচারকের বাসভবনে ককটেল হামলা

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ, পরিদর্শক মো. ফারুক জানান, গুলিবিদ্ধ অবস্থায় আহত মোহাম্মদ হোসেনকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে তার চিকিৎসা চলছে। 

তিনি আরও বলেন, ডাক্তারদের ধারণা অনুযায়ী আহত ব্যক্তির অবস্থা গুরুতর নয় এবং ঘটনাটি পল্লবী থানা পুলিশকে জানানো হয়েছে।

আহত ব্যবসায়ীর স্ত্রী আরও জানান, ঘটনার সময় বাড়ির নিচে দাঁড়িয়ে ছিলেন মোহাম্মদ হোসেন, তাই আক্রমণকারীদের চিহ্নিত করতে পারেননি। কেবলমাত্র মোটরসাইকেলযোগে আগত মুখোশধারী ছিনতাইকারীরা তার কাছে থাকা নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।

পল্লবী থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহের মাধ্যমে অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়