News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৪৩, ২৯ জানুয়ারি ২০২৬

গোপালগঞ্জে বিচারকের বাসভবনে ককটেল হামলা

গোপালগঞ্জে বিচারকের বাসভবনে ককটেল হামলা

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শামছুল হকের বাসভবনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। 

বুধবার (২৮ জানুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে শহরের পোস্ট অফিস রোডে অবস্থিত বিচারকের বাসভবন লক্ষ্য করে দুর্বৃত্তরা হামলা চালায়। 

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, কিছু দুর্বৃত্ত হঠাৎ করেই বিচারকের বাসভবনে ককটেল নিক্ষেপ করে। ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা জোরদার করেছে। 

তিনি আরও জানান, বাসভবনের সীমানা প্রাচীরের সামনের অংশ থেকে কৌটা সদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়েছে। পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী একযোগে কাজ করছে এবং এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

আরও পড়ুন: ধানমন্ডিতে পিঠা খাওয়া নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে নিহত ১

পুলিশ সূত্র জানিয়েছে, এই হামলার সঙ্গে কে বা কারা জড়িত তা এখনও নিশ্চিত করা যায়নি। তবে গোয়েন্দা সংস্থা দুর্বৃত্তদের শনাক্তে তৎপর রয়েছে। 

জেলা পুলিশের ধারণা, নির্বাচনের পূর্বে জনমনে আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে।

এই ঘটনার ঠিক একদিন আগে, ২৬ জানুয়ারি রাতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। 

শিক্ষার্থীদের বরাতে জানা যায়, ওই দিন দুইটি মোটরসাইকেলে করে চারজন ব্যক্তি ককটেল নিক্ষেপ করে। জনমনে ওই ঘটনায়ও আতঙ্ক সৃষ্টি হয়।

দুই দিনের ব্যবধানে পুনরায় একই ধরনের হামলা ঘটায়, যা স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী এই ঘটনার দ্রুত তদন্ত করছে এবং দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেফতারের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়