News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৩৮, ১২ এপ্রিল ২০১৫
আপডেট: ০৭:০২, ২৩ সেপ্টেম্বর ২০২০

সবাইকে নিয়ে এফবিসিসিআই গড়ে তুলব: মতলুব

সবাইকে নিয়ে এফবিসিসিআই গড়ে তুলব: মতলুব

ঢাকা: ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের নির্বাচনে সভাপতি হিসেবে জয়ী হলে সবাইকে নিয়ে নতুন এক এফবিসিসিআই গড়ে তোলার অঙ্গীকার করেছেন নিটল নিলয় গ্রুপ চেয়ারম্যান আব্দুল মতলুব আহমদ।

রোববার মতিঝিল ফ্যাডারেশন ভবনে দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই) ২০১৫-১৭ সালের কার্যকরী পরিষদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন পত্র জমা দেওয়া শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। মতলুব আহমেদ রাজশাহী চেম্বার থেকে এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন।

রোববার বিকেলে সাড়ে চারটায় এফবিসিসিআই ইলেকশন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আলী আশরাফের হাতে মনোনয়ন পত্র জমা দেন তিনি। এ সময় বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিডব্লিউসিসিআই) প্রেসিডেন্ট সেলিমা আহমদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এদিন বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত পরিচালক পদের জন্য ২৪টি মনোনয়ন পত্র জামা পড়েছে বলে ইলেকশন বোর্ড সূত্রে জানা গেছে।

মতলুব আহমেদ বলেন, “এফবিসিসিআইর ১৫৪টি কমিটি এবং সহকারী কমিটি রয়েছে। এসব কমিটি ছাড়াও ৫২ জন পরিচালক রয়েছেন, এদের সবাইকে নিয়েই আমরা নতুন এফবিসিসিআই গড়ে তুলব।”

তিনি এফবিসিসিআইর ভোটার প্রতি অঙ্গীকার করে বলেন, “নির্বাচিত হতে পারলে আগামী দুবছর আমার গ্রুপ থেকে ছুটি নেবো। এ দুবছর আমি ব্যবসায়ীদের জন্য কাজ করবো। ব্যবসায়ী এবং সংগঠনের যেসব সমস্যার রয়েছে তা সমাধানের জন্য কাজ করবো। আর আমরা সবাই মিলে একযোগে করে যাবো। ব্যবসায়ীদের এগিয়ে নিয়ে যাবো।”

তিনি বলেন, “আপনারা জানেন, এফবিসিসিআই বাংলাদেশের ব্যবসায়ীদের একটি শীর্ষ প্রতিষ্ঠান, এখান থেকেই ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করা হয়। আমাদের প্যানেল যদি নির্বাচিত হয়, তাহলে আমরা এফবিসিসিআইকে স্বর্ণ শিখরে নিয়ে যাবো।”

এ সময় প্যানেলের স্লোগান জানতে চাইলে আব্দুল মাতলুব আহমেদ বলেন, “প্যানেলের প্রধান স্লোগান হলো উন্নয়ন। আমি একে চেইন বলবো না, কারণ চেইন ঊর্ধ্বগতি হতে পারে, আবার নিম্ন গতিরও হতে পারে। আর উন্নয়ন কখনো নিম্ন গতির হয় না। তাই আমরা স্লোগান দিয়েছি উন্নয়ন। এ প্যানেল ব্যবসায়ীদের জন্য উন্নয়ন করতে চায়, দেশের জন্য উন্নয়ন করতে চায়। বাংলাদেশের জনগণের জন্য উন্নয়ন করতে চায়।”  

এদিকে গত বৃহস্পতিবার বিকেলে এফবিসিসিআই ইলেকশন বোর্ড চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছেন। এবার চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে মোট ভোটার দুই হাজার ২০৬ জন। এর মধ্যে ৭৮টি চেম্বারের ৪৩২ জন এবং ৩৫৭টি অ্যাসোসিয়েশন থেকে একহাজার ৭৭৪ জনকে ভোটার করা হয়েছে।

ইলেকশন বোর্ডের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৩ মে এফবিসিসিআইয়ের নির্বাচনে চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপে ১৬টি করে মোট ৩২টি পদে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকি ২০ জন দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ চেম্বার ও অ্যাসোসিয়েশন থেকে মনোনীত হবেন। এ ৫২ জন পরিচালক নিয়ে এফবিসিসিআই পরিচালনা পর্ষদ গঠন করা হবে।

নিউজবাংলাদেশ.কম/জেএস/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়