News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৩০, ১২ এপ্রিল ২০১৫
আপডেট: ০৩:৩৪, ১৯ জানুয়ারি ২০২০

বিশ্বব্যাংকের দেয়া তথ্যের সঙ্গে অর্থমন্ত্রীর দ্বিমত

বিশ্বব্যাংকের দেয়া তথ্যের সঙ্গে অর্থমন্ত্রীর দ্বিমত

ঢাকা: আন্তর্জাতিক দাতাসংস্থা বিশ্বব্যাংক বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতায় অর্থনীতির গতিধারা নিয়ে যে তথ্য দিয়েছে তার সঙ্গে দ্বিমত প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

রোববার বিকেল সচিবালয়ে অর্থমন্ত্রণালয়ে মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাটের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি তার এমত প্রকাশ করেন।  

অর্থমন্ত্রী এসময় বলেন, “জিডিপি প্রবৃদ্ধির হার ৭ শতাংশের কাছাকাছি হবে। হরতাল-অবরোধে বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে দেশের বড় ধরনের ক্ষতি হয়েছে।”

উল্লেখ্য, রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংক কার্যালয়ে বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, “বছরের শুরু থেকে টানা রাজনৈতিক অস্থিরতায় চলতি অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ৫ দশমিক ৬ শতাংশ হতে পারে।”

এসময় তিনি আরো বলেন, “বিশ্বব্যাংকের মতে, ২০১৫ সালের শুরুতেই যদি রাজনৈতিক অস্থিরতা না থাকত তাহলে চলতি অর্থবছরে ৬ দশমিক ৪ থেকে ৬ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি হতো।”

তিনি বলেন, “বাংলাদেশে ৩ মাসে ২ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ১৭ হাজার ১৫০ কোটি টাকার অর্থনৈতিক ক্ষতি হয়েছে। এটি মোট জাতীয় উৎপাদনের (জিডিপি) এক শতাংশ।”

নিউজবাংলাদেশ.কম/জেএস/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়