রিজার্ভে ঊর্ধ্বগতি, গ্রস রিজার্ভ পৌঁছাল ৩২.৫৭ বিলিয়ন ডলারে
ফাইল ছবি
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, ১৮ ডিসেম্বর পর্যন্ত দেশের মোট গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ৫৭ বিলিয়ন মার্কিন ডলারে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ১৮ ডিসেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩২ হাজার ৫৭৩ দশমিক ৩১ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৭৫ দশমিক ৭০ মিলিয়ন ডলারে।
এর একদিন আগে, অর্থাৎ ১৭ ডিসেম্বর পর্যন্ত দেশের গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩২ হাজার ৪৮২ দশমিক ৮৮ মিলিয়ন ডলার। ওই সময় আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ২৭ হাজার ৮১৭ দশমিক ৮৬ মিলিয়ন মার্কিন ডলার।
আরও পড়ুন: ডিসেম্বরের ১৩ দিনে এলো ১৫০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, এরও আগে ১১ ডিসেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩২ হাজার ১২২ দশমিক ৯২ মিলিয়ন ডলার। একই সময়ে আইএমএফের বিপিএম-৬ মানদণ্ড অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছিল ২৭ হাজার ৪৫৪ দশমিক ৯১ মিলিয়ন ডলারে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, ৯ নভেম্বর এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আন্তঃদেশীয় লেনদেন নিষ্পত্তির বিল পরিশোধের পর দেশের গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ নেমে এসেছিল ৩১ দশমিক ১৪ বিলিয়ন ডলারে। সে সময় বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ২৬ দশমিক ৪৪ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংক জানায়, আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুযায়ী নিট বা প্রকৃত রিজার্ভ নির্ধারণ করা হয়। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বিয়োগ করার পর যে অঙ্ক পাওয়া যায়, সেটিই নিট রিজার্ভ হিসেবে বিবেচিত হয়। এই সূচক দেশের বৈদেশিক লেনদেন সক্ষমতা ও আর্থিক স্থিতিশীলতা মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
নিউজবাংলাদেশ.কম/পলি








