রাইড শেয়ারিং বাইকে দিনে তেল পাবে ৫ লিটার
ছবি: সংগৃহীত
ঢাকা মহানগরীতে রাইড শেয়ারিংয়ের সঙ্গে যুক্ত মোটরসাইকেল চালকদের দৈনিক সর্বোচ্চ ৫ লিটার অকটেন বা পেট্রোল সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
মঙ্গলবার (১০ মার্চ) বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বিদেশ থেকে নিয়মিত আমদানি কার্যক্রম চালানো হচ্ছে এবং ফিল্ডারদের মাধ্যমে সারাদেশের সকল ডিপোতে রেল ওয়াগন বা ট্যাংকারের মাধ্যমে তেল পৌঁছে দেওয়া হচ্ছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মোটরসাইকেল চালকরা ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল গ্রহণের সময় রাইড শেয়ারিং অ্যাপে তেলের ধরণ, পরিমাণ ও মূল্য উল্লেখ করে ক্রয় রশিদ প্রদর্শন করতে হবে। এছাড়া প্রতিবার তেল নেওয়ার সময় পূর্ববর্তী ক্রয় রশিদ বা বিলের মূল কপি জমা দিতে হবে এবং সর্বশেষ মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর ও চালকের তথ্য যাচাইয়ের মাধ্যমে তেল সরবরাহ করা হবে।
আরও পড়ুন: ২৪ ঘণ্টার ব্যবধানে বাড়লো সোনার দাম
বিপিসি আরও জানিয়েছে, দেশে সরকার নির্ধারিত মূল্যে জ্বালানি তেল ক্রয়-বিক্রয় বাধ্যতামূলক। অতিরিক্ত মূল্য আদায় আইনত অপরাধ, এবং বর্তমান পরিস্থিতিতে তেলের দাম বৃদ্ধির বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। তাই দেশের সকল ভোক্তা ও ফিল্ডারের সহযোগিতা কামনা করা হয়েছে, যাতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা যায়।
নিউজবাংলাদেশ.কম/এসবি








