News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১৯, ১৩ এপ্রিল ২০১৫
আপডেট: ০৩:৩২, ১৯ জানুয়ারি ২০২০

চলে গেলেন গুন্টার গ্রাস

চলে গেলেন গুন্টার গ্রাস

নোবেলজয়ী জার্মান ঔপন্যাসিক গুন্টার গ্রাস আর নেই। জার্মানির লুবেক শহরের একটি হাসপাতালে সোমবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর।

‘টিন ড্রাম’ উপন্যাসের জন্য তিনি ১৯৯৯ সালে নোবেল জয় করেন। ১৯৫৯ সালে প্রকাশিত এটিই ছিল তার প্রথম উপন্যাস। বই প্রকাশের ৪০ বছর নোবেল পাওয়ার ঘটনা ছিল এটাই প্রথম। গ্রাস একাধারে ঔপন্যাসিক, কবি, প্রাবন্ধিক, নাট্যকার, ভাস্কর ও গ্রাফিক আর্টিস্ট ছিলেন।

গুন্টার গ্রাসের মৃত্যু সংবাদ বিবিসিকে নিশ্চিত করেছেন তার প্রকাশক। এছাড়া নোবেল কমিটিও টুইটারে গ্রাসের মৃত্যু সংবাদ নিশ্চিত করে।

টিন ড্রাম উপন্যাসের জন্য তিনি ১৯৯৯ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। ১৯২৭ সালের ১৬ অক্টোবর বর্তমান পোল্যান্ডের ড্যানজিগে জন্মগ্রহণকারী এই সাহিত্যিক দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান সেনাবাহিনীকে সহায়তা করেছিলেন। পরবর্তীতে ১৯৫৯ সালে নাৎসীবিরোধী উপন্যাস টিন ড্রাম লিখে তিনি বিশ্বজুড়ে ব্যাপক আলোচিত হন। ১৯৯০ সালে দুই জার্মানীর একীভূত হওয়ারও তীব্র বিরোধিতা করেন তিনি।

নোবেলজয়ী এই জার্মান সাহিত্যিক স্ত্রী উটে গ্রাসকে নিয়ে ১৯৮৬ সালের ৩ ডিসেম্বর বাংলাদেশ সফরে এসেছিলেন। সেই সফরে রাজধানী ঢাকার অলি-গলি ঘুরে বেড়িয়েছেন। পানাম নগরী, মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্প, বাংলাবাজার, মৌলভীবাজার, ইসলামপুর ও আহসান মঞ্জিলসহ বিভিন্ন এলাকায় নোবেল জয়ী এই সাহিত্যিকের পদচারণার স্মৃতি রয়েছে। এছাড়া বিভিন্ন সাহিত্যিক আড্ডায় তিনি সেবার ঢাকার সাহিত্যিকদের মন জয় করেন। গ্রাসের এই সফরে সব সময় সঙ্গী হিসেবে ছিলেন কবি বেলাল চৌধুরী আর আলোকচিত্রী নাসির আলী মামুন।

স্যোশাল ডেমোক্রেটিক পার্টি অব জার্মানির সমর্থক গুন্টার গ্রাসের লেখার প্রধান উপজীব্য ছিল রাজনীতি। টিন ড্রাম ইউরোপীয় জাদু বাস্তবতার একটি অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হিসেবে স্বীকৃত। টিন ড্রাম নিয়ে পরে সিনেমাও হয়েছে। চলচ্চিত্রটি ১৯৭৯ সালে পাম ডি’অর ও বিদেশি ভাষার সেরা চলচ্চিত্র হিসেবে অস্কার জেতে।

তার উল্লেখযোগ্য অন্যান্য বইগুলোর মধ্যে রয়েছে, ক্যাট অ্যান্ড মাউস (১৯৬১), ডগ ইয়ার্স (১৯৬৩), দ্য ফ্লাউন্ডার (১৯৭৩), ক্র্যাব ওয়াক (২০০২), দ্য র‌্যাট (১৯৮৬), দ্য বক্স (২০০৮), শো ইউর টাং (১৯৮৬), টু স্টেটস ওয়ান নেশন (১৯৯০)।

নিউজবাংলাদেশ.কম/এসজে/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়