News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৩০, ৪ ফেব্রুয়ারি ২০২৬

নেপালকে উড়িয়ে ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

নেপালকে উড়িয়ে ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

ছবি: সংগৃহীত

দক্ষিণ এশীয় ফুটবলের আঙিনায় নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশের মেয়েরা। 

বুধবার (০৪ ফেব্রুয়ারি) নেপালের পোখারা রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিকদের জালে ৪-০ গোলের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। 

হ্যাটট্রিক করে ম্যাচের সবটুকু আলো কেড়ে নিয়েছেন ফরোয়ার্ড আলপি আক্তার। এই জয়ে তিন ম্যাচের সবকটিতে জিতে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান দখল করে শিরোপা নির্ধারণী মঞ্চে পা রাখল পিটার বাটলারের শিষ্যরা।

ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের খেলোয়াড়রা আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। ম্যাচের তৃতীয় মিনিটে মিডফিল্ডার মামনি চাকমার নিখুঁত কর্নার থেকে দূরের পোস্টে হেড করে গোল করেন প্রতিমা মুন্ডা। দ্রুত এগিয়ে যাওয়ার পরও বাংলাদেশের আক্রমণ থেমে থাকেনি। প্রথমার্ধের যোগ করা সময়ে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া সরাসরি ফ্রি-কিকের মাধ্যমে আলপি আক্তার ব্যবধান দ্বিগুণ করেন এবং প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

আরও পড়ুন: সাফ অনূর্ধ্ব-১৯: ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

দ্বিতীয়ার্ধেও বলের দখল ও আক্রমণে একচেটিয়া আধিপত্য বজায় রাখে বাংলাদেশ। ৬১ মিনিটে শান্তি মার্ডির চিপ শট নেপালের ডিফেন্ডার বাধা দেন, তবে ৬৬ মিনিটে আলপি আক্তার মাঝমাঠ থেকে বাড়ানো থ্রু পাস ধরে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে নিজের দ্বিতীয় গোলটি করেন। ৮২ মিনিটে নেপালি ডিফেন্ডারের ভুল পাসের সুযোগ কাজে লাগিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন আলপি এবং এতে ৪-০ ব্যবধানে বাংলাদেশের জয় নিশ্চিত হয়। এই তিন ম্যাচে আলপি আক্তারের গোল সংখ্যা দাঁড়ালো সাত।

গ্রুপ পর্বে তিনটি ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট অর্জন করে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ নারী দল ফাইনালে ওঠে। একই দিনে ভুটানকে ৮-০ গোলে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, আগামী শনিবার বিকেল ৩টায় বাংলাদেশ ও ভারত একই মাঠে ফাইনালে মুখোমুখি হবে।

বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ নারী দল বয়সভিত্তিক সাফে এর আগে দু’বার ফাইনালে উঠেছে। ২০২১ সালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ, আর ২০২৪ সালে ঢাকায় অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময় ও টাইব্রেকার শেষে ভারত ও বাংলাদেশ যুগ্ম চ্যাম্পিয়ন হয়। দুই বছর পর এবার আবারও দক্ষিণ এশিয়ার দুই শক্তিশালী দল শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়