News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৫২, ২ ফেব্রুয়ারি ২০২৬

সাফ অনূর্ধ্ব-১৯: ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৯: ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

নেপালের পোখরায় অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের পথে দৃঢ়ভাবে এগিয়ে গেছে বাংলাদেশ। 

সোমবার (০২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচে লাল-সবুজের প্রতিনিধিরা নিয়ন্ত্রিত ও আত্মবিশ্বাসী ফুটবল উপহার দিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয়।

ভুটানকে এক ডজন গোলের ব্যবধানে বিধ্বস্ত করার পর শক্তিশালী ভারতের বিপক্ষে ম্যাচটি সহজ হবে না এমন আভাস মিলেছিল শুরুর মিনিটগুলোতেই। ম্যাচের প্রথম ১০ মিনিটে ভারত আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে; ৫ মিনিটে এক ফরোয়ার্ডের বুলেট গতির শট লক্ষ্যভ্রষ্ট হয় এবং ৬ মিনিটে পার্ল ফার্নান্দেজের হেড অল্পের জন্য বাইরে চলে যায়। তবে গোলপোস্টের নিচে ইয়ারজান বেগমদের দৃঢ়তায় বড় বিপদ এড়ায় বাংলাদেশ।

সময়ের সঙ্গে সঙ্গে খেলার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় পিটার বাটলারের শিষ্যরা। বিশেষ করে বাঁ দিক দিয়ে মামনি চাকমার গতি ভারতীয় রক্ষণভাগে চাপ তৈরি করছিল। ২৯ মিনিটে মামনির নেওয়া ফ্রি-কিক ভারতীয় গোলরক্ষকের গ্লাভস ফসকে বেরিয়ে এলে সজাগ থাকা অধিনায়ক অর্পিতা বিশ্বাস বল জালে জড়িয়ে ম্যাচের ডেডলক ভাঙেন। ৩০ মিনিটে পাওয়া এই গোল বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় এবং মাঠের নিয়ন্ত্রণ পুরোপুরি তাদের দিকে চলে যায়।

আরও পড়ুন: মালদ্বীপকে ১৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

৩৭ মিনিটে কোচ বাটলারের দুটি পরিবর্তন- বন্যা খাতুন ও শান্তি মার্ডিকে নামানো ম্যাচের গতি আরও বাড়িয়ে দেয়। এর তিন মিনিট পর, অর্থাৎ ৪০ মিনিটে ডান প্রান্ত থেকে তৃষ্ণা রানীর নিখুঁত ক্রসে আলতো ছোঁয়ায় বল জালে পাঠান আলপি আক্তার। প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

বিরতির পর ভারত মরিয়া হয়ে ম্যাচে ফেরার চেষ্টা করলেও বাংলাদেশের রক্ষণভাগ চীনের প্রাচীর হয়ে দাঁড়ায়। জয়নব বিবিদের দৃঢ়তায় কোনোভাবেই জাল খুঁজে পায়নি প্রতিপক্ষ। ৭০ মিনিটে জয়নব বিবির একটি দুর্দান্ত ক্লিয়ারেন্স ভারতের শেষ আশাটুকুও নষ্ট করে দেয়। 

অন্যদিকে মুনকি আক্তাররা পাল্টা আক্রমণে কয়েকবার ভারতের ডিফেন্সে কাঁপন ধরালেও আর কোনো গোল হয়নি। ফলে প্রথমার্ধের করা দুই গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে।

এই ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন আলপি আক্তার। তার হাতে পুরস্কার তুলে দেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।

বর্তমান যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশ দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট ও +১৪ গোল ব্যবধান নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে। ভারতের সংগ্রহ এক জয় থেকে ৩ পয়েন্ট, তারা দ্বিতীয় স্থানে। নেপাল ও ভুটানের ম্যাচ ড্র হলে কোনো সমীকরণ ছাড়াই বাংলাদেশের ফাইনাল নিশ্চিত হবে।

০৪ ফেব্রুয়ারি নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ, একই দিনে ভারত খেলবে ভুটানের বিপক্ষে। ক্রিকেট মাঠে ভারত-বাংলাদেশ লড়াইয়ের উত্তাপের মধ্যেই ফুটবলে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে দেশের ফুটবলপ্রেমীদের আনন্দে ভাসিয়েছে বাংলার বাঘিনীরা; টানা দ্বিতীয় জয়ে ফাইনালের সুবাস এখন স্পষ্ট।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়