এবারও সরকারি ব্যয়ে কাউকে হজে পাঠানো হচ্ছে না: ধর্ম উপদেষ্টা
ছবি: সংগৃহীত
টানা দ্বিতীয়বারের মতো সরকারি ব্যয়ে কাউকে হজে পাঠানো হচ্ছে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। পাশাপাশি চলতি বছর হজ ব্যবস্থাপনায় সাশ্রয়ের ফলে হজযাত্রীরা তিন কোটিরও বেশি টাকা ফেরত পাবেন বলেও জানান তিনি।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা এসব তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততার সঙ্গে হজ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করা হয়েছে।
খালিদ হোসেন জানান, জুলাই বিপ্লবের পর হজ ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য সংস্কার এসেছে। যৌক্তিক খরচে হজ পালনের জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করা হয়েছে। এর অংশ হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে গত দুই বছরে ধাপে ধাপে বিমানভাড়া মোট ৪০ হাজার টাকা কমানো সম্ভব হয়েছে।
তিনি বলেন, ২০২৪ সালের হজে যেখানে বিমানভাড়া ছিল এক লাখ ৯৪ হাজার ৮০০ টাকা, সেখানে ২০২৬ সালের হজে এসে তা কমে দাঁড়িয়েছে এক লাখ ৫৪ হাজার টাকায়। বিমানভাড়া আরও কমানোর চেষ্টা অব্যাহত রয়েছে।
ধর্ম উপদেষ্টা আরও জানান, ২০২৫ সালের হজে “লাব্বাইক” অ্যাপ, প্রি-পেইড কার্ড ও মোবাইল রোমিং সুবিধা চালু করা হয়েছে। এ বছর তিনটি হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে, যার মধ্যে সাশ্রয়ী প্যাকেজের মূল্য চার লাখ ৬৭ হাজার টাকা।
আরও পড়ুন: রমজানে কাতারে এক হাজারের বেশি পণ্যে মূল্যছাড়
তিনি বলেন, এবছরের হজ প্রস্তুতি সন্তোষজনক এবং হাজিদের ভোগান্তি কমাতে হারাম শরীফের কাছাকাছি আবাসনের ব্যবস্থা করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








