শবে বরাতে শান্তি ও সমৃদ্ধির প্রার্থনায় তারেক রহমান ও মির্জা ফখরুল
ফাইল ছবি
পবিত্র শবে বরাত উপলক্ষ্যে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে পৃথক বাণী দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমে পাঠানো এসব বাণীতে তারা মহিমান্বিত এই রজনীর তাৎপর্য তুলে ধরেন এবং বিশ্বশান্তির জন্য বিশেষ মোনাজাতের আহ্বান জানান।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পৃথক বাণীতে বলা হয়েছে, শাবান মাসের একটি মহিমান্বিত রাতের নাম শবে বরাত। তিনি বাংলাদেশসহ বিশ্ব মুসলমানদের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন।
তারেক রহমান বলেন, বরাত অর্থ নাজাত বা মুক্তি। এই রাতে পরম করুণাময় আল্লাহ তাঁর বান্দাদের জন্য রহমত ও দয়ার ভান্ডার খুলে দেন। এজন্য শবে বরাতের ফজিলত ও মর্যাদা অপরিসীম। তিনি উল্লেখ করেন, এই রজনী রমজানের আগমনী বার্তা বহন করে।
তিনি বলেন, ধর্মপ্রাণ বান্দারা সারারাত আল্লাহর সান্নিধ্য লাভের আশায় নিজেদের ভুল-ভ্রান্তি, ত্রুটি-বিচ্যুতির জন্য মহান আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করেন। এই রাতে এমন নেক আমল করা উচিৎ, যার মাধ্যমে আল্লাহর রহমত ও মাগফিরাত লাভ করা যায়। শবে বরাত নাজাত ও মুক্তির রাত, যেখানে মুসলমানরা সকল অনাচার, অপকর্ম ও অপবিত্রতা থেকে পরিত্রাণের জন্য প্রার্থনা করেন।
আরও পড়ুন: নারীদের পিছিয়ে রেখে দেশ এগোবে না: তারেক রহমান
তারেক রহমান বলেন, আমরা সবাই সহিংসতা, রক্তপাত, হিংসা ও বিদ্বেষ পরিহার করে মানবজাতির বৃহত্তর কল্যাণে সহিষ্ণুতা, সংযম ও সৌহার্দ্য অর্জনে নিজেদের নিবেদিত রাখবো। মহিমান্বিত রাতে আমাদের এই নিবেদন নিশ্চয়ই আল্লাহর নিকট কবুল হবে। বিশ্ব শান্তিসহ বিশ্ব মুসলিমের ঐক্য, সংহতি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা একান্ত মোনাজাত করবো। দেশ, জাতি এবং মুসলিম বিশ্বের উত্তরোত্তর উন্নতি, কল্যাণ ও শান্তি কামনা করেন তিনি।
পৃথক বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শবে বরাত মুসলমানদের জন্য ক্ষমা ও মুক্তির এক মহান রজনী।
তিনি উল্লেখ করেন, এই রাতে আল্লাহ তাঁর সৃষ্টির প্রতি মনোযোগী হন এবং বিদ্বেষ পোষণকারী ব্যক্তি ছাড়া সবাইকে ক্ষমা করে দেন।
তিনি বলেন, রিজিকপ্রার্থীরা রিজিক লাভ করেন এবং বিপদগ্রস্তরা বিপদমুক্ত হন।
মির্জা ফখরুল আরও বলেন, শবে বরাত মুসলিমদের ইনসাফ ও ভারসাম্যপূর্ণ জীবনযাপনের শিক্ষা দেয়। মুমিনরা নিষ্কলুষ ও সরল পথে চলার জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন। এই পবিত্র রাত সৌভাগ্য ও বরকতের রাত, যা মানুষের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধির বারিধারা বয়ে আনে। তিনি আল্লাহর নির্দেশিত পথে মানবজাতির কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দেশ, জাতি ও মুসলিম বিশ্বের উন্নতি ও কল্যাণ কামনা করেছেন।
বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের মাধ্যমে পাঠানো আরেকটি বাণীতে তিনি বলেন, এই রহমত ও বরকতের রজনীতে আল্লাহর নির্দেশিত পন্থায় আমরা মানবজাতির কল্যাণে কাজ করে যাবো। এজন্য আল্লাহর নিকট ধৈর্য্য ও উদ্যম কামনা করছি। পবিত্র শবে বরাতের এই রজনীতে দেশ, জাতি ও মুসলিম বিশ্বের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
নিউজবাংলাদেশ.কম/পলি








