News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৫৮, ১ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৮:৫৮, ১ ফেব্রুয়ারি ২০২৬

সোমবার খুলনা ও যশোরে যাচ্ছেন তারেক রহমান

সোমবার খুলনা ও যশোরে যাচ্ছেন তারেক রহমান

তারেক রহমান। ফাইল ছবি

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল সোমবার খুলনা বিভাগ সফরে যাবেন। সফরকালে তিনি খুলনা ও যশোরে পৃথক দুটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেবেন।

শনিবার (০১ ফেব্রুয়ারি)  বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, উত্তরাঞ্চল সফর শেষে আগামীকাল সোমবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুই শহরে নির্বাচনী প্রচারাভিযানে অংশ নেবেন তারেক রহমান।

সফরসূচি অনুযায়ী, সোমবার সকাল ১১টায় হেলিকপ্টারে করে ঢাকা থেকে খুলনার উদ্দেশে রওনা হবেন বিএনপি চেয়ারম্যান। দুপুর ১২টায় খুলনার হাজি মহসিন কলেজ সংলগ্ন প্রভাতী স্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে তিনি বক্তব্য দেবেন।

এরপর দুপুর ১টায় খুলনা থেকে হেলিকপ্টারে যশোরের উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। দুপুর ১টা ৪০ মিনিটে যশোর নতুন উপশহরের বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় তিনি ভাষণ দেবেন। সমাবেশ শেষে দুপুর ২টা ৪০ মিনিটে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।

উল্লেখ্য, গত ২২ জানুয়ারি সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী প্রচারাভিযান শুরু করেন তারেক রহমান। এরপর তিনি মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে সমাবেশ করেন।

২৫ জানুয়ারি চট্টগ্রাম থেকে দ্বিতীয় ধাপের প্রচার শুরু করে ফেনী, কুমিল্লার চৌদ্দগ্রাম, সোনাগাজী, দাউদকান্দি ও নারায়ণগঞ্জে সমাবেশ শেষে ২৯ জানুয়ারি উত্তরাঞ্চল সফর শুরু করেন তিনি। তিন দিনের এই সফরে রাজশাহী, নওগাঁ, বগুড়া, রংপুর, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে নির্বাচনী সমাবেশ শেষে গতকাল শনিবার ঢাকায় ফেরেন।

আরও পড়ুন: হ্যাক হওয়া পোস্টে কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি: জামায়াত আমির

২২ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত সারাদেশে মোট ১৯টি নির্বাচনী সমাবেশে অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়