‘একটি বিশেষ মহল নির্বাচন বানচাল ও ভণ্ডুলের অপচেষ্টায় লিপ্ত’
ছবি: সংগৃহীত
একটি বিশেষ মহল সবসময় নির্বাচন বানচাল ও ভণ্ডুল করার অপচেষ্টায় লিপ্ত থাকে বলে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনস্রোতের সামনে তাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না। দেশের মানুষ নিজেদের অধিকার আদায়ে জেগে উঠেছে, তাই এবারের নির্বাচন কোনো অশুভ শক্তিই বন্ধ করতে পারবে না।
রবিবার (০১ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও-১ আসনের সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাজীপাড়া এলাকায় আয়োজিত পথসভা ও নির্বাচনী গণসংযোগে এসব কথা বলেন বিএনপির এই নেতা।
সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে মির্জা ফখরুল বলেন, সাংবাদিকরা দেশের জন্য ও জনগণের জন্য কাজ করেন, সত্য কথা বলেন এবং সত্য লিখেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, কিছু গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করতে পারে, কিন্তু জনগণের অংশগ্রহণে সেই চেষ্টা ব্যর্থ হবে।
নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উদ্দেশে তিনি আহ্বান জানান, ভোটের দিন সবাই যেন ভোটকেন্দ্র পাহারা দেন যাতে কোনো ধরনের গণ্ডগোল না ঘটে। হিন্দু-মুসলমানসহ সব ধর্মের মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারে সেদিকে সতর্ক থাকারও পরামর্শ দেন তিনি, যেন কেউ দুষ্টামি করার সাহস না পায়।
আরও পড়ুন: জেল-জুলুমের ১৫ বছর পেরিয়ে ভোটের অধিকার কাজে লাগাতে চাই: ফখরুল
ধর্মের নাম ব্যবহার করে ভোটারদের বিভ্রান্ত করার অভিযোগ তুলে বিএনপি মহাসচিব বলেন, আমাদের মা-বোনেরা সরল। কোরআন শিক্ষার নাম করে বলা হচ্ছে, দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে। আল্লাহ কোথাও বলেননি, কোনো মার্কায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে; আল্লাহর নির্দেশ পালন করলেই বেহেশতে যাওয়া যাবে। একটি দল মিথ্যা কথা বলে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে বলেও দাবি করেন তিনি।
নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে মির্জা ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় এলে ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষিঋণ মাফ করা হবে। মায়েদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করার পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি শিক্ষিত বেকারদের জন্য ১৮ মাসের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে প্রতিশ্রুতি দেন।
দেশে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে।
সমাবেশে তিনি আরও বলেন, ১২ তারিখে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার প্রতীক ধানের শীষের ব্যানার হাতে নিয়ে মাঠে দাঁড়াতে হবে নেতাকর্মীদের।
পথসভা চলাকালে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়, যখন ঠাকুরগাঁওয়ের শহীদ মামুনের বোন তার মাটির ব্যাংকে সঞ্চিত অর্থ এবং নিজ হাতে পালিত মুরগির কিছু ডিম বিএনপি মহাসচিবের হাতে তুলে দেন। ঘটনাটি দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নিউজবাংলাদেশ.কম/পলি








