গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে বিএনপি: তারেক রহমান
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নেবে বিএনপি।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাঁও মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, রংপুর আবু সাঈদের পবিত্র রক্ত মেশানো মাটি। আবু সাঈদ ও ওয়াসিমসহ প্রায় ১ হাজার ৪০০ শহীদ যে স্বপ্ন নিয়ে জীবন উৎসর্গ করেছেন, সেই ‘জুলাই সনদ’ রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।”
তিনি বলেন, ৫ আগস্টের বিপ্লবে সাধারণ মানুষের যে ঐক্য দেখা গেছে, তা ধরে রাখতে হবে। নিশিরাত বা ডামি নির্বাচনের দিন শেষ—এখন জনগণকে তাদের অধিকার প্রয়োগে সজাগ থাকতে হবে।
রংপুরের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, রংপুরকে অনেকে গরিব অঞ্চল ভাবলেও এটি অত্যন্ত সম্ভাবনাময় এলাকা। আমাদের লক্ষ্য রংপুরকে ঢেলে সাজানো। এখানে কৃষিজাত পণ্যের শিল্পকারখানা গড়ে তোলা হবে এবং ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দেওয়া হবে, যাতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়।
তিনি আরও জানান, স্থানীয় আইটি প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট মেয়াদে কর ছাড় দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
কৃষক ও নারীদের কল্যাণে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে। কৃষকদের হাতে কৃষি কার্ড পৌঁছে দেওয়া হবে এবং অন্তত এক ফসলের জন্য বীজ ও কীটনাশক বিনামূল্যে দেওয়া হবে।
এ ছাড়া ‘ফ্যামিলি কার্ড’ চালুর মাধ্যমে নারীদের অর্থনৈতিক সক্ষমতা ও অধিকার নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।
উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, আমরা আমাদের পরিকল্পনা জানালাম, এখন আপনাদের পরিকল্পনা কী?
এ সময় জনতা ‘ধানের শীষ’ বলে স্লোগান দিলে তিনি সবাইকে ফজরের নামাজ শেষে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
তারেক রহমান রাত সাড়ে ৮টার দিকে সভামঞ্চে পৌঁছান। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী বিকেল সাড়ে ৪টায় তার উপস্থিত হওয়ার কথা থাকলেও পথে নেতাকর্মীদের অভ্যর্থনার কারণে পৌঁছাতে দেরি হয়। এর আগে তিনি বগুড়া থেকে সড়কপথে রংপুরের উদ্দেশে রওনা দেন।
আরও পড়ুন: তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা ৪৭.৬ শতাংশ: জরিপ
এর আগে সন্ধ্যা ৬টার দিকে পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন তারেক রহমান। পরে তিনি আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।
রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে আয়োজিত বিভাগীয় নির্বাচনি জনসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
বিকেল ৪টা থেকে জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। রংপুর বিভাগের বিভিন্ন আসনের মনোনীত প্রার্থীরা এতে বক্তব্য দেন।
দীর্ঘ দুই দশক পর রংপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে সকাল থেকেই জনসভার মাঠে নেতাকর্মীদের ভিড় জমতে থাকে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সভাস্থল জনসমুদ্রে পরিণত হয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি








