নারী কর্মীদের ওপর জামায়াত-শিবিরের হামলার অভিযোগ রিজভীর
ছবি: সংগৃহীত
বিএনপির নারী কর্মী ও সমর্থকদের ওপর জামায়াত-শিবির প্রতিনিয়ত শারীরিক ও মানসিক হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি দাবি করেছেন, অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই নারীদের অশ্লীল ভাষায় মন্তব্য এবং নানামুখী হুমকির মাধ্যমে হেনস্তা করা হচ্ছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে ভুক্তভোগী নারী কর্মীদের উপস্থিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন রুহুল কবির রিজভী।
তিনি বলেন, প্রার্থীকে সমর্থন জানিয়ে প্রচার-প্রচারণায় অংশ নেওয়ার কারণে নারী কর্মীদের মারধর করা হয়েছে এমন ঘটনাও ঘটেছে।
সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ইসলামকে বিশ্বের সবচেয়ে সিভিলাইজড ধর্ম হিসেবে উল্লেখ করলেও একটি রাজনৈতিক দলের ‘বট বাহিনী’ ধর্মকে ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের নারীদের নিয়ে অশ্লীল ভাষায় মন্তব্য করছে। অনলাইন আক্রমণের পাশাপাশি মাঠপর্যায়ে নারী কর্মীদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
জামায়াতের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে রিজভী বলেন, দলটির কোনো নারী সংসদ সদস্য প্রার্থী নেই। অথচ নারীদের ভোটের মাঠে নামানো হচ্ছে।
আরও পড়ুন: দুর্নীতির টুটি চেপে ধরার অঙ্গীকার তারেক রহমানের
তিনি দাবি করেন, জামায়াত ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন দেশের নারীরা। দলটির আমির প্রকাশ্যে বলেছেন, তার দলের প্রধান কখনো কোনো নারী হতে পারবেন না- এ বক্তব্য নারীবিরোধী মানসিকতারই প্রতিফলন।
রিজভী আরও বলেন, একদিকে দলটির পক্ষ থেকে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে, আবার আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে সেই বক্তব্য অস্বীকার করা হচ্ছে। এতে জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে।
তিনি প্রশ্ন তোলেন, এই দ্বৈত অবস্থানের মাধ্যমে দলটির নেতারা আসলে কী করতে চান- তারা নিজেরাই কি বিভ্রান্ত, নাকি কোনো গোপন পরিকল্পনা বাস্তবায়নের জন্য ইচ্ছাকৃতভাবে সংশয় তৈরি করছেন?
দেশের অর্থনৈতিক বাস্তবতা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, গার্মেন্টস খাতে কর্মরত শ্রমিকদের প্রায় ৫৫ শতাংশ নারী। সন্তান লালন-পালনে পুরুষের কোনো দায়িত্ব নেই এমন ধারণা সমাজকে কোন দিকে নিয়ে যাবে, সে প্রশ্নও রাখেন তিনি।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাহরিন ইসলাম।
তিনি বলেন, একটি বিশেষ রাজনৈতিক দল চায় নারীরা ঘরের ভেতরে সীমাবদ্ধ থাকুক। দলটি নারীবিরোধী একটি ন্যারেটিভ তৈরি করছে এবং প্রয়োজনে নারীদের ব্যবহার করে ভোট চাওয়া ও ‘জান্নাতের টিকিট বিক্রি’র রাজনীতি করছে বলে অভিযোগ করেন তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খাদিজাতুল কোবরা।
রুহুল কবির রিজভী আশা প্রকাশ করেন, একটি ‘গুপ্ত দলের গুপ্ত কাজকর্মে’ দেশের মানুষ শেষ পর্যন্ত কোনো গুরুত্ব দেবে না।
নিউজবাংলাদেশ.কম/পলি








