News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৩৭, ২৮ জানুয়ারি ২০২৬

বিএনপি প্রতিপক্ষের সঙ্গে বিবাদে যাবে না: মির্জা আব্বাস

বিএনপি প্রতিপক্ষের সঙ্গে বিবাদে যাবে না: মির্জা আব্বাস

ঢাকা-৮ আসনের বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত

ঢাকা-৮ আসনের বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপি প্রতিপক্ষের সঙ্গে কোনো বিবাদে যাবে না। বিজয় এখন বিএনপির দ্বারপ্রান্তে। এই বিজয় যেন কেউ রুখে দিতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর মতিঝিলের ব্রাদার্স ক্লাব মাঠে আয়োজিত এক গণজমায়েতে নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, একটি অসৎ চক্র বাংলাদেশকে গোলাম করে রাখতে চায়। আগামী ১২ তারিখে ভোটের মাধ্যমে জনগণ এর উপযুক্ত জবাব দেবে। তিনি দাবি করেন, বিএনপির সামনে কোনো দল টিকে থাকতে পারবে না এ বাস্তবতা সবাইকে মেনে নিতে হবে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, কেউ যেন উসকানিমূলক কথা বা কর্মকাণ্ডে জড়িয়ে না পড়েন। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে, কিন্তু সেটি হতে হবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর।

বিএনপিকে নিয়ে পরিকল্পিত অপপ্রচারের অভিযোগ করে তিনি বলেন, একটি মহল দলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। যাদের নির্বাচনের কোনো অভিজ্ঞতা নেই, তারাই বিএনপিকে অপমান করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন: উত্তরার ত্যাগে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ তৈরি হয়েছে: তারেক রহমান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে সংযম বজায় রাখার আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, কিছু মানুষ শালীনতা ও শ্রদ্ধাবোধ ছাড়াই কথা বলছে। তবে ইতিহাস সাক্ষ্য দেয়, বেয়াদবির পরিণতি কখনো ভালো হয় না।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়