News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৪০, ২৭ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৭:৪০, ২৭ জানুয়ারি ২০২৬

‘বিএনপি জানে কীভাবে দুর্নীতির লাগাম টানতে হয়’ ময়মনসিংহে তারেক রহমান

‘বিএনপি জানে কীভাবে দুর্নীতির লাগাম টানতে হয়’ ময়মনসিংহে তারেক রহমান

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ সার্কেট হাউস ময়দানে আয়োজিত নির্বাচনী জনসভায় অংশ নিয়ে দেশের বেকার সমস্যা সমাধানে কর্মসংস্থান সৃষ্টি, দুর্নীতি প্রতিরোধ ও ময়মনসিংহ বিভাগের ভরাট খালগুলো পুনঃখননের ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। 

তিনি বলেন, মানুষের জন্য রাজনীতি করেন এবং দেশ পরিচালনার অভিজ্ঞতা শুধু বিএনপির আছে; তাই সমস্যার সমাধান করতে হলে “ধানের শীষ” প্রতীককে ভোট দিতে হবে।

সমাবেশে তারেক রহমান বলেন, পালানো স্বৈরাচারের ভাষায় কথা বলছে একটি দল। দুর্নীতি নিয়ে মিথ্যাচার করছে। অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে ফেলে এগোনো যায় না, এজন্যই ফ্যামিলি কার্ড।

তিনি দাবি করেন, বেকারত্ব দূর করতে দক্ষ কর্মসংস্থান তৈরির বিশেষ পরিকল্পনা রয়েছে বিএনপির এবং ক্ষমতায় গেলে বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করবে দলটি। 

তিনি আরও দাবি করেন, বিএনপি কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি। 

তিনি বলেন, এতদিন জনগণের যে অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল, আগামী ১২ ফেব্রুয়ারি সেই অধিকার প্রয়োগের দিন।

তারেক রহমান বলেন, ২০০১-০৬ সময় বিএনপি সরকারের সময় জামায়াতের দুইজন সদস্য থাকলেও দুর্নীতির কারণে তাদের পদত্যাগের মতো ঘটনা ঘটেনি; যদি বিএনপি দুর্নীতিতে ‘চ্যাম্পিয়ন’ হত, তাহলে কেন তারা পদত্যাগ করতেন না, এ প্রশ্ন তোলেন তিনি।

সমাবেশে তিনি ময়মনসিংহ বিভাগের ভরাট খালগুলো পুনঃখননের আশ্বাস দেন এবং পুনরায় বলেন, মানুষের জন্য রাজনীতি করি, দেশের সমস্যার সমাধান করতে হলে ধানের শীষে ভোট দেয়ার বিকল্প নেই।

সমাবেশে ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা ও জামালপুরের ২৪টি সংসদীয় আসনের ধানের শীষ প্রার্থীরা উপস্থিত ছিলেন। ময়মনসিংহ-১ থেকে ময়মনসিংহ-১১ পর্যন্ত সকল আসনের প্রার্থী এবং জামালপুর, নেত্রকোনা ও শেরপুরের প্রার্থীদের নাম তুলে ধরা হয়।

আরও পড়ুন: ভোটাধিকার রক্ষায় হাতিয়ার জনসভায় তারেক রহমানের বিশেষ বার্তা

সমাবেশ পরিচালনা করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু। সহ-সাংগঠনিক সম্পাদ আবু ওয়াহাব আকন্দ, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার ও উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার সমাবেশে ছিলেন।

এর আগে বিকেল ৪টার পর ময়মনসিংহ সার্কেট হাউস ময়দানে তারেক রহমানের মঞ্চে ওঠার সময় জেলার বাইরে থেকে বাস ও মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করেন। 

নেতাকর্মীরা জানান, তাদের চেয়ারম্যানকে কাছ থেকে একনজর দেখার জন্য আগেভাগেই জনসভায় উপস্থিত ছিলেন।

বেলা ১১টা ৫ মিনিটে নির্বাচনী জনসভায় অংশ নিতে গুলশানের বাসা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে তারেক রহমানের গাড়ি বহর রওনা হয়, এ তথ্য নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

পূর্বের দিন ময়মনসিংহ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম জানান, সর্বশেষ ২০০৪ সালে তারেক রহমান ময়মনসিংহে ইউনিয়ন প্রতিনিধি সভা করেছিলেন। প্রায় ২২ বছর পর নেতার এই আগমনে এলাকার মানুষ উচ্ছ্বসিত। জনসভায় তিনি বিভাগের ২৪টি সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন।

ময়মনসিংহের কর্মসূচি শেষে ঢাকা ফেরার পথে তারেক রহমান আরও দুটি সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে। এর মধ্যে সন্ধ্যা ৬টায় গাজীপুর রাজবাড়ী মাঠে এবং সন্ধ্যা ৭টায় উত্তরা আজমপুর ঈদগাহ মাঠে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন। 

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে জনগণকে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে “নিশিরাতের ভোট ও ডামি নির্বাচনের” সংস্কৃতি বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়