News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৪২, ২৬ জানুয়ারি ২০২৬

ভোটাধিকার রক্ষায় হাতিয়ার জনসভায় তারেক রহমানের বিশেষ বার্তা

ভোটাধিকার রক্ষায় হাতিয়ার জনসভায় তারেক রহমানের বিশেষ বার্তা

ছবি: সংগৃহীত

আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি বিশেষ পক্ষ সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই ষড়যন্ত্র মোকাবিলায় ভোটারদের ভোটের দিন ভোর থেকেই কেন্দ্রে উপস্থিত থেকে ভোটাধিকার প্রয়োগ ও ভোটের হিসাব বুঝে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি বলেন, এই ষড়যন্ত্র ঠেকাতে জনগণকে তাহাজ্জুদ পড়া ও ফজরের নামাজ কেন্দ্র থেকে আদায় করার পরামর্শ দেন এবং ভোটের ‘হিসাব কড়ায়-গণ্ডায়’ বুঝে নিতে বলেন।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে বিএনপি আয়োজিত এক নির্বাচনী জনসভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, গত ১৫-১৬ বছর সাধারণ মানুষ ভোট দিতে পারেনি, তাদের ভোটের অধিকার ও কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। যারা এসব করেছে তারা দেশ থেকে চলে গেছে; এখন আবার অন্য একটি গোষ্ঠী নির্বাচন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে। 

তিনি সকলকে সচেতন থাকার আহ্বান জানান এবং বলেন, শুধু ভোট দিলে হবে না, ভোটের পরও সেখানে থাকতে হবে এবং ভোটের হিসাব ঠিকভাবে বুঝে নিতে হবে।

আরও পড়ুন: দেশের ও মানুষের উন্নয়নে বিএনপি বিশ্বাসী: তারেক রহমান

হাতিয়া উপজেলার প্রধান সমস্যা হিসেবে নদীভাঙনকে উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, ক্ষমতায় গেলে এ সমস্যার সমাধান হবে। তিনি বলেন, তিনি জনগণের সমস্যা লিখে রেখেছেন এবং ক্ষমতায় এলে টেকসই বেড়িবাঁধ নির্মাণসহ নদীভাঙন রোধের ব্যবস্থা নেওয়া হবে। 

তিনি আরও বলেন, ব্লক বাঁধের মাধ্যমে এলাকার সৌন্দর্য ফুটিয়ে তোলা হবে।

তারেক রহমান নোয়াখালী-৬ আসনের বিএনপি প্রার্থী মো. মাহবুবের রহমান শামিমকে পরিচয় করিয়ে দিয়ে ভোটের অনুরোধ করেন। 

তিনি বলেন, আপনারা তাকে ভোট দিন, আপনার উন্নয়নের দায়িত্ব আমরা নেবো ইনশাআল্লাহ। ভোটের পরে তিনি হাতিয়া এসে জনগণের সঙ্গে বসে কথা বলবেন এবং বিএনপি ক্ষমতায় এলে সবচেয়ে বেশি ক্ষমতার মালিক হবে দেশের জনগণ।

মা-বোনদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের উন্নয়নের অংশীদার হিসেবে তাদের জন্য ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ডসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।

জনসভায় জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে বক্তব্য রাখেন নোয়াখালী-৬ আসনের প্রার্থী মো. মাহবুবের রহমান শামিম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুজ্জামান হাফিজসহ স্থানীয় বিএনপি ও যুবদলের নেতারা। একই সময় কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ হাতিয়ার ধানের শীষ প্রার্থী মাহবুবের রহমানসহ উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়