News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৫৮, ২৬ জানুয়ারি ২০২৬

আ. লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া শক্তি: সালাহউদ্দিন আহমদ

আ. লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া শক্তি: সালাহউদ্দিন আহমদ

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগকে একটি ‘গণহত্যাকারী, ফ্যাসিবাদী ও মাফিয়া শক্তি’ হিসেবে অভিহিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এ দলের কোনো রাজনৈতিক চরিত্র নেই এবং তারা কখনোই বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেনি। 

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে চকরিয়া উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের শহিদ আবদুল হামিদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, বমুবিলছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মোতালেবসহ স্থানীয় নেতা-কর্মীরা।

পথসভায় তিনি বলেন, যারা আগে আওয়ামী লীগ করতেন, তাদের ভুল এখন ভেঙে গেছে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং আশা করেন তারা ভবিষ্যতে বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রে বিশ্বাস করবে। তিনি আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল লোকদের স্বাধীনতাপন্থী শক্তির সঙ্গে থাকার আহ্বান জানান।

আরও পড়ুন: নৌকার কাণ্ডারি পালিয়েছে, শেখ হাসিনা দিল্লিতে: মির্জা ফখরুল

সালাহউদ্দিন বলেন, আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেনি। তারা বাংলাদেশকে ভারতের করদ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। গণ-অভ্যুত্থানের মুখে তারা পালিয়ে গিয়ে ভারতের দিল্লিতে আশ্রয় নিয়েছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা একা পালিয়ে গেলেও তার সব কর্মী দেশ ছাড়তে পারেনি। সবার তো আর দিল্লি যাওয়ার সুযোগ হয়নি। যারা দেশে রয়ে গেছে, তাদের রাজনীতি করার অধিকার আছে। তবে তাদের স্বাধীনতা থাকলেও, স্বাধীনতার পক্ষের শক্তির সঙ্গে থাকার আহ্বান জানাচ্ছি।

পথসভায় ধর্মের অপব্যবহার করে ভোট চাওয়ার সমালোচনা করে তিনি বলেন, ধর্মের উসিলায় একটি দল ভোট চায়। কেউ কেউ তো জান্নাতের বাহানা দিচ্ছে। এতে বিভ্রান্ত হবেন না।

শেষে তিনি জনগণকে দেশের উন্নয়ন, নিরাপত্তা ও গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়