News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:১৪, ২৬ জানুয়ারি ২০২৬

নৌকার কাণ্ডারি পালিয়েছে, শেখ হাসিনা দিল্লিতে: মির্জা ফখরুল

নৌকার কাণ্ডারি পালিয়েছে, শেখ হাসিনা দিল্লিতে: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

শেখ হাসিনা থাকলে অন্তত গণতান্ত্রিক ব্যবস্থার ধারাবাহিকতা বজায় থাকত, কিন্তু তিনি জনগণকে বিপদে ফেলে চলে গেছেন বলে মন্তব্য করে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সময় পর নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হবে, কিন্তু এবারের নির্বাচন গতবারের মতো নয়। আগে ধানের শীষ ও নৌকার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও এখন নৌকা নেই। নৌকার ‘কাণ্ডারি’ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতাকর্মীদের ফেলে ভারতে চলে গেছেন এবং দিল্লিতে বসে আছেন। 

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের বিডি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী গণসংযোগে মির্জা ফখরুল এসব মন্তব্য করেন। 

একই দিন তিনি ঠাকুরগাঁও সদরের ২৯ মাইল এলাকার বিডি স্কুল মাঠেও নির্বাচনী সভায় উপস্থিত হন এবং একই ধরনের বক্তব্য দেন।

মির্জা ফখরুল বলেন, ছাত্রদের তাড়া খেয়ে শেখ হাসিনা পালিয়ে গেছেন, নেতাকর্মীরা এখন বিপদে। 

তিনি অভিযোগ করেন, যারা পালায় তাদের বিএনপি চাই না। দীর্ঘদিন ধরে ভোটাধিকার ব্যহত হয়েছে; যারা ভোট দিতে চেয়েছিল তাদের মামলা দিয়ে জেলে পাঠিয়েছে আওয়ামী লীগ। 

তিনি বলেন, জনগণ ভোট কেন্দ্রে গিয়ে ভয় পেয়ে ভোট দেবে না এবং ভোট দিয়ে সরকার নির্বাচিত করবে—এটাই বিএনপির অঙ্গীকার।

তিনি আরও বলেন, যারা পাকিস্তানি সেনাদের সহযোগিতা করেছে এবং স্বাধীনতার সময়ে হাজার হাজার মানুষ হত্যা করেছে, তারা আবার ভোট চাচ্ছে। 

আরও পড়ুন: আপনারা নির্ভয়ে ভোট দিতে যাবেন: মির্জা ফখরুল

তিনি বলেন, যে দল স্বাধীনতা ও দেশের প্রতি বিশ্বাস করে না, তাকে ভোট দিয়ে দেশের সর্বনাশ করা হবে না। ১৯৭১ সালের স্বাধীনতা মেনে চলা এবং সেটিকে দেশের অস্তিত্ব হিসেবে রাখা বিএনপির প্রধান রাজনৈতিক নীতি বলে দাবি করেন তিনি।

কৃষি এবং জনজীবন নিয়ে তিনি বলেন, দেশের কৃষি সঠিকভাবে বিকশিত হয়নি এবং ঠাকুরগাঁওয়ের কৃষকরা সবচেয়ে বেশি অসহায়। ক্ষমতায় এলে কৃষি-ভিত্তিক শিল্পায়ন করতে চান। 

তিনি বলেন, শুধু বিএ পাস করলেই হবে না; টেকনিক্যাল ট্রেনিং নেওয়া জরুরি, কারণ বিদেশে চাকরির সুযোগ অপেক্ষা করছে।

নির্বাচনী সভায় তিনি হিন্দু ভোটারদের উদ্দেশ্য করে বলেন, এ দেশে কোনো সংখ্যালঘু নেই, সবাই বাংলাদেশি নাগরিক এবং সকলের অধিকার সমান। কেউ ভয় পাবেন না, সবাই সাহস নিয়ে চলবেন। 

তিনি দাবি করেন, বিএনপি নির্বাচিত হলে দেশের সব নাগরিকের অধিকার রক্ষা করবে। 
তিনি বলেন, বিএনপি রাজনীতি করে মানুষের কল্যাণের জন্য, ব্যবসার জন্য নয় এবং রাজনীতিতে বাপ-দাদার জমিজমা বিক্রি বা নতুন সম্পদ অর্জন করেনি।

এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তিনি নিজেকে শেষবারের মতো নির্বাচনে অংশগ্রহণকারী হিসেবে উল্লেখ করে ভোটারদের কাছে পুনরায় সুযোগ চান।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়