News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪৪, ২৫ জানুয়ারি ২০২৬

সমালোচনার রাজনীতিতে দেশের উন্নয়ন হবে না: তারেক রহমান

সমালোচনার রাজনীতিতে দেশের উন্নয়ন হবে না: তারেক রহমান

ছবি: সংগৃহীত

সমালোচনার মধ্যে থাকলে দেশের মানুষের কোনো উন্নয়ন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

রবিবার (২৫ জানুয়ারি) দুপুর ১টার দিকে চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, মানুষ পরিবর্তন ও রাজনৈতিক অধিকার চায়। আমাদের দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। শুধু সমালোচনার মধ্যে থাকলে দেশের মানুষের কোনো উন্নয়ন হবে না।

তিনি বলেন, ক্ষমতায় গেলে বিএনপি সারা দেশে এক লাখ স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করবে এবং খাল খননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন করা হবে। পাশাপাশি চট্টগ্রামকে দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।

কঠোর নিরাপত্তার মধ্যে রবিবার বেলা ১২টা ১৪ মিনিটে তারেক রহমান সমাবেশের মঞ্চে ওঠেন। এ সময় মুহূর্তেই করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো সমাবেশস্থল। হাস্যোজ্জ্বল তারেক রহমান হাত নেড়ে নেতা-কর্মী ও সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন।

এটি তারেক রহমানের নির্বাচনি প্রচারের দ্বিতীয় পর্ব। এর আগে গত ২২ জানুয়ারি সিলেট থেকে তিনি আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেন।

উল্লেখ্য, ২০০৫ সালের ৬ মে চট্টগ্রামের লালদীঘি মাঠে সর্বশেষ জনসভা করেছিলেন তারেক রহমান। সে সময় তিনি ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব। এবার প্রথমবারের মতো দলের চেয়ারম্যান হিসেবে চট্টগ্রাম সফরে এসেছেন তিনি।

তবে পলোগ্রাউন্ড মাঠে এটিই তারেক রহমানের প্রথম সমাবেশ। এর আগে ২০১২ সালের ৯ জানুয়ারি এই মাঠেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জনসভা অনুষ্ঠিত হয়েছিল।

সমাবেশকে কেন্দ্র করে ভোর থেকেই চট্টগ্রাম নগরীর বিভিন্ন ওয়ার্ড ও উপজেলা ছাড়াও কক্সবাজার এবং তিন পার্বত্য জেলা থেকে ব্যানার-ফেস্টুন ও রঙিন পোশাকে মিছিল নিয়ে নেতাকর্মী ও সমর্থকেরা পলোগ্রাউন্ডে জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

সমাবেশে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের সংসদীয় আসনের বিএনপির প্রার্থীরাও উপস্থিত ছিলেন।

এর আগে পলোগ্রাউন্ডের সমাবেশে যোগ দেওয়ার আগে নগরীর র‌্যাডিসন ব্লু বে ভিউ হোটেলের মেজবান হলে ‘ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক আয়োজনে তরুণদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এতে চট্টগ্রাম ও আশপাশের প্রায় ৫০টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৩৪০ জনের বেশি শিক্ষার্থী অংশ নেন।

আরও পড়ুন: চট্টগ্রামে নির্বাচনি সমাবেশের মঞ্চে তারেক রহমান

প্রসঙ্গত, যুক্তরাজ্যে প্রায় দেড় দশকের নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। সেদিন দেশের মাটিতে প্রথম বক্তব্যে তিনি বলেছিলেন, ‘আই হ্যাভ আ প্ল্যান।’

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়