চট্টগ্রামে নির্বাচনি সমাবেশের মঞ্চে তারেক রহমান
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে নির্বাচনি মহাসমাবেশে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
রবিবার (২৫ জানুয়ারি) সকাল থেকে শুরু হয়েছে এ জনসভা।
এদিন ভোর থেকেই নেতাকর্মী ও সাধারণ মানুষ দলে দলে পলোগ্রাউন্ডে পৌঁছাতে শুরু করেন। সমাবেশ শুরুর আগে মাঠ কানায়-কানায় ভরে যায়। দুপুর সাড়ে ১২টার আগে প্রধান অতিথি হিসেবে সভামঞ্চে উপস্থিত হন তারেক রহমান।
এর আগে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনসহ চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের বিএনপি প্রার্থী উপস্থিত ছিলেন।
মাঠের ভেতরে ও বাইরে সেনা, পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। বিভিন্ন সড়কে যানবাহন চলাচল সীমিত করা হয়েছে, সিআরবি এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।
দীর্ঘ ২০ বছর পর শনিবার (২৪ জানুয়ারি) রাতে চট্টগ্রামে এসে পৌঁছান তারেক রহমান। সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
আরও পড়ুন: তরুণদের সঙ্গে আলোচনায় ‘ভাইয়া’ ডাকার পরামর্শ দিলেন তারেক রহমান
উল্লেখ্য, তারেক রহমান সর্বশেষ ২০০৫ সালের ৬ মে চট্টগ্রামের লালদীঘি মাঠে জনসভা করেছেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








