দুই দশক পর আজ সিলেট যাচ্ছেন তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি
দুই দশক পর সিলেট সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর আগে ২০০৫ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তিনি সিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বক্তব্য দিয়েছিলেন।
এবার দলের চেয়ারম্যান হিসেবে আগামীকাল বৃহস্পতিবার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি। একই সঙ্গে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)–এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করবেন তারেক রহমান।
সিলেট সফরের উদ্দেশ্যে বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা ছাড়বেন বিএনপি চেয়ারম্যান। মঙ্গলবার রাতে রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ি মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় নিজেই এ তথ্য জানান তিনি।
ওই অনুষ্ঠানে তারেক রহমান বলেন, “ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণে আমরা রাজনীতি করি। বুধবার আমি সিলেট চলে যাবো। ইনশাআল্লাহ, পরদিন সিলেট থেকেই আনুষ্ঠানিকভাবে আমাদের নির্বাচনি প্রচারণা শুরু করবো। কাল বিকেলে আমি ও আমার স্ত্রী ডা. জুবাইদা রহমান প্লেনে করে সিলেট যাবো।”
তিনি আরও জানান, সমাবেশ ও সফর উপলক্ষে ব্যবহৃত গাড়িগুলো সকালেই সিলেটের উদ্দেশ্যে রওনা দেবে।
আরও পড়ুন: বিপদে কড়াইলবাসীর পাশে থাকার অঙ্গীকার তারেক রহমানের
উল্লেখ্য, বিএনপি ঐতিহ্যগতভাবে হযরত শাহজালাল (রহ.)–এর মাজার জিয়ারতের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করে থাকে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








