News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৫৪, ১৮ ডিসেম্বর ২০২৫

মেয়ে জাইমাকে নিয়ে ২৫ ডিসেম্বর সকালে দেশে ফিরছেন তারেক রহমান

মেয়ে জাইমাকে নিয়ে ২৫ ডিসেম্বর সকালে দেশে ফিরছেন তারেক রহমান

ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার এ তথ্য বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন। 

তিনি জানিয়েছেন, তারেক রহমান বেলা ১১টার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

অবশ্য, সরাসরি ঢাকায় না এসে তিনি প্রথমে সিলেট হয়ে আসবেন। তার সঙ্গে থাকবেন তার কন্যা, ব্যারিস্টার জাইমা রহমান।

গত ১২ ডিসেম্বর রাতে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ‘সবকিছু ঠিক থাকলে’ ২৫ ডিসেম্বর বাংলাদেশে ফিরবেন তারেক রহমান।

২০০৭ সালের জানুয়ারিতে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতির অভিযোগে আটক হওয়া তারেক রহমান ১৮ মাস কারাগারে ছিলেন। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর মুক্তি পাওয়া পর উন্নত চিকিৎসার জন্য ১১ সেপ্টেম্বর সপরিবারে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। এর পর থেকে দীর্ঘ ১৭ বছরের বেশি সময় তিনি যুক্তরাজ্যে অবস্থান করেছেন।

আরও পড়ুন: ‘খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, আশাবাদী চিকিৎসকরা’

ঢাকায় পৌঁছানোর পর তারেক রহমান প্রথমে এভারকেয়ার হাসপাতালে যাবেন, যেখানে তার মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। এছাড়া ঢাকায় অবস্থানকালে তিনি গুলশান অ্যাভিনিউ ১৯৬ নম্বর বাসায় থাকবেন। এই বাসার নিকটেই ‘ফিরোজা’ এলাকায় কয়েক বছর ধরে বসবাস করছেন বেগম খালেদা জিয়া।

বিএনপি সূত্র জানাচ্ছে, ঢাকায় তার অভ্যর্থনার জন্য বিশেষ প্রস্তুতি নেয়া হয়েছে। স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, দেশের ইতিহাসে সবচেয়ে বেশি লোক সমাগমের মাধ্যমে তাকে বরণ করা হবে। বিমানবন্দর থেকে এভারকেয়ারের মধ্যে একটি বিশেষ জায়গায় সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হবে।

এছাড়া তার নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব দিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামকে, যিনি প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে কাজ করবেন। দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানিয়েছেন, দেশে ফিরতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পর দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন বিএনপির এই শীর্ষ নেতা, যা রাজনৈতিক অঙ্গন ও দলের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা তৈরি করেছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়