News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৪০, ১৭ ডিসেম্বর ২০২৫
আপডেট: ২০:৩১, ১৭ ডিসেম্বর ২০২৫

‘খালেদাকে নিয়ে আপত্তিকর মন্তব্যে ক্ষমা চাইতে হবে জামায়াত নেতাকে’

‘খালেদাকে নিয়ে আপত্তিকর মন্তব্যে ক্ষমা চাইতে হবে জামায়াত নেতাকে’

ছবি: সংগৃহীত

খালেদা জিয়াকে নিয়ে জামায়াত নেতার ‘আপত্তিকর’ মন্তব্যের জন্য তাকে ক্ষমা চাইতে বলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

সম্প্রতি টেলিভিশনে এক আলোচনা অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি রেজাউল করিম ‘এক ধরনের রাজনীতিবিদ এতিম ও দুঃস্থদের টাকা মেরে খেয়েছেন’ বলে মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে।

এর মধ্য দিয়ে তিনি ‘ফ্যাসিস্টের মত কথা বলেছেন’ অভিযোগ করে ক্ষমা চাওয়ার আহ্বান জানান লক্ষ্মীপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী এ্যানি।

বুধবার দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ইসলাম মার্কেট এলাকায় নির্বাচনি গণসংযোগের সময় তিনি সাংবাদিকদের বলেন, “এই ধরনের বক্তব্য ইতোপূর্বে হাসিনা, ফ্যাসিস্টের দোসররা দিয়েছেন। জামায়াতের প্রার্থী আল্লাহর কসম করে বলেছেন, তিনি খালেদা জিয়ার নাম নেন নাই। কথাটা সত্য, কিন্তু কথাটা কাকে মিন করল?

তিনি বলেন, “খালেদা জিয়া দেশে ও আন্তর্জাতিকভাবে সম্মানিত। তাহলে এই যে হাসিনা ফ্যাসিস্ট যেভাবে কথা বলেছে, উনিও (রেজাউল করিম) একইভাবে কথা বলেছেন।”

এ্যানি বলেন, “(উনি বললেন) ‘কিছু মিডিয়া এটাকে বিকৃত করেছে, বিভ্রান্তি ছড়িয়েছে। আমি প্রত্যাহার করে নিয়েছি’। কী প্রত্যাহার করে নিলেন? যার মুখে এ ধরনের স্বীকারোক্তি, তিনি কি ফ্যাসিবাদের মত খালেদা জিয়াকে অসম্মানিত করেননি? আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। এই বক্তব্যে উনাকে ক্ষমা চাইতে হবে যে খালেদা জিয়াকে মিন করেনি, কথাটা সত্য নয়। উনি (রেজাউল করিম) খালেদা জিয়াকে উদ্দেশ্য করেই কথাটি বলেছেন।”

আরও দুই মামলায় বিএনপি নেতা মির্জা আব্বাস-আমানসহ ৪৫ জনের অব্যহতি

জামায়াত নেতাকে উদ্দেশ করে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, “দায়িত্ব নিয়ে অনুরোধ করে বলছি, আমার নেত্রীকে অবজ্ঞা করেছেন, ছোট করেছেন, অবহেলা করেছেন এবং অন্যায়ভাবে ফ্যাসিস্টের মত করে বক্তব্য দিয়েছেন। এই বক্তব্য আপনি শুধু প্রত্যাহার করবেন না, আপনি ক্ষমা চেয়ে বলবেন, আপনি যেটা আল্লাহর কসম দিয়ে বলেছেন, আপনি বলেননি? আমি বলছি, ভিডিও রেকর্ডিং আছে, এরপরও আপনি যদি আল্লাহর কসম দেন, এটা আসলে বলা যায়! মানুষের সামনে অপপ্রচার- অপব্যাখ্যা দেওয়া যায়, কিন্তু আপনি প্রকৃতপক্ষে এ ধরনের বক্তব্য দিয়েছেন। দেশনেত্রী খালেদা জিয়াকেই মিন করেছেন।”

লক্ষ্মীপুর জেলা বিএনপি নেতা আবুল হাশেম, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়