News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৫৮, ১৬ ডিসেম্বর ২০২৫

ফ্যাসিস্ট শক্তি নির্বাচন বানচালের চক্রান্ত করছে: নাহিদ ইসলাম

ফ্যাসিস্ট শক্তি নির্বাচন বানচালের চক্রান্ত করছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করে বলেছেন, ফ্যাসিস্ট শক্তি নির্বাচন বানচালের চক্রান্ত করছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিস্ট শক্তি অস্থিতিশীল অবস্থায় রয়েছে এবং তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হামলার ঘটনায় এখনো মূল অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়নি। শুধু পুলিশের ওপর নির্ভর করে সরকার নাগরিকদের জীবন নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না।

এনসিপির আহ্বায়ক বলেন, এই ভূখণ্ডের মানুষ মানবিক মর্যাদা ও সার্বভৌমত্বের জন্য লড়াই করেছে। কিন্তু গত ৫৪ বছরে বারবার জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। সাম্য ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার পরিবর্তে দেশে ফ্যাসিবাদ কায়েম হয়েছে।

এ সময় তিনি জানান, আসন্ন গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে এনসিপির প্রার্থীরা মাঠে কাজ করবেন।

এদিকে, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখা হয়েছিল, কিন্তু অর্ধশতাব্দী পার হলেও তা বাস্তবায়ন করা যায়নি। নতুন বাংলাদেশে সেই লক্ষ্য অর্জন করতে হবে।

আরও পড়ুন: লন্ডনে শেষ দলীয় কর্মসূচি পালন করবেন তারেক রহমান

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধকে দলীয় দৃষ্টিভঙ্গি থেকে নয়, একাত্তরের চেতনা থেকেই দেখতে হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়