হাদীর গুলিবিদ্ধের ঘটনায় তারেক রহমানের নিন্দা ও ক্ষোভ
ফাইল ছবি
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের ঘটনাস্থলে তদন্তকারী আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এই উদ্বেগ ও নির্দেশনা প্রদান করেন।
তারেক রহমান বলেন, ঢাকায় একটি অত্যন্ত দুঃখজনক এবং নৃশংস ঘটনা ঘটেছে। ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদীকে গুলি করা হয়েছে। এটি আমরা গত কয়েক মাসে দেখেছি, চট্টগ্রামে আরেক প্রার্থীকে একইভাবে লক্ষ্য করা হয়েছিল।
তিনি আরও বলেন, প্রতিটি নাগরিক, বিশেষ করে গণতন্ত্রপ্রেমী মানুষদের উচিত এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ করা। বিএনপি ও ছাত্রদলের দায়িত্বশীল নেতাকর্মীদের উচিত প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতা করা, যাতে দোষী ব্যক্তি দ্রুত আইন অনুযায়ী শাস্তি পান।
আরও পড়ুন: ‘ওসমান হাদীর ওপর হামলা সুদুরপ্রসারী অশুভ পরিকল্পনার অংশ’
শুক্রবার জুমার নামাজের পর, রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদীকে গুলি করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, হামলাকারীরা মোট তিনটি মোটরসাইকেলে করে ঘটনাস্থলে পৌঁছায় এবং দ্রুত পালিয়ে যায়।
চিকিৎসক ও পুলিশ সূত্রে জানা গেছে, শরিফ ওসমান হাদীকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলেন, আমি শুনেছি উনি গুলিবিদ্ধ হয়েছেন, তবে কোথায় তা এখনো স্পষ্ট নয়।
ঘটনার প্রতিক্রিয়ায় তারেক রহমান দোষীদের বিরুদ্ধে দ্রুত এবং শক্তিশালী আইনগত ব্যবস্থা গ্রহণের ওপর জোর দিয়েছেন এবং বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের সতর্ক করে বলেছেন, যে কোনোভাবে তদন্তে সহায়তা করতে হবে যাতে দোষীদের বিচারের আওতায় আনা যায়।
নিউজবাংলাদেশ.কম/পলি








