News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৬, ৩১ জানুয়ারি ২০২৬

আজ টাঙ্গাইল ও সিরাজগঞ্জে যাচ্ছেন তারেক রহমান

আজ টাঙ্গাইল ও সিরাজগঞ্জে যাচ্ছেন তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

দেশব্যাপী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি। নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে প্রচারণা কার্যক্রমে ব্যস্ত সময় পার করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

এই কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৩১ জানুয়ারি) টাঙ্গাইল ও সিরাজগঞ্জ সফরে যাচ্ছেন তিনি। দীর্ঘ সময় পর তার এই সফরকে ঘিরে দুই জেলাতেই বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

সিরাজগঞ্জ বিএনপি সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে বগুড়া থেকে ঢাকায় ফেরার পথে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকায় বিসিক শিল্পপার্ক মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় যোগ দেবেন তারেক রহমান। জনসভাকে ঘিরে ইতোমধ্যে সভাস্থল প্রস্তুত করা হয়েছে। বিএনপি চেয়ারম্যানের আগমন উপলক্ষে সিরাজগঞ্জ জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও তাকে বরণ করার আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। একই সঙ্গে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

রাজশাহী ও রংপুর বিভাগের নির্বাচনী সফরের অংশ হিসেবে সিরাজগঞ্জে যাচ্ছেন তারেক রহমান। জনসভায় জেলার ছয়টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে।

সিরাজগঞ্জের জনসভা শেষে তারেক রহমান যাবেন টাঙ্গাইলে। শনিবার বিকেল ৪টায় যমুনাসেতু–টাঙ্গাইল–ঢাকা মহাসড়কের দরুন–চরজানা বাইপাসসংলগ্ন খোলা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

দীর্ঘ ২১ বছর পর প্রিয় নেতাকে কাছ থেকে দেখার প্রত্যাশায় মুখিয়ে আছেন টাঙ্গাইল বিএনপির নেতাকর্মীরা। দলীয় সূত্র জানায়, টাঙ্গাইল জেলায় এটিই হবে তারেক রহমানের প্রথম রাজনৈতিক জনসভা।

আরও পড়ুন: গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে বিএনপি: তারেক রহমান

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিয়েছে টাঙ্গাইল জেলা বিএনপি। জনসভাস্থল নির্ধারণ ও পরিদর্শনের পাশাপাশি নেতাকর্মীদের দিকনির্দেশনা ও সার্বিক তদারকি করছেন দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। সমাবেশস্থলে বড় মঞ্চ, শতাধিক মাইকসহ প্রয়োজনীয় সব আয়োজন সম্পন্ন করা হয়েছে। এ ছাড়া গত বৃহস্পতিবার রাতে নেতাকর্মীদের নিয়ে একটি প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়