প্রত্যেকে আত্মমর্যাদা নিয়ে বাঁচবে, এমন দেশ গড়ার আহ্বান তারেক রহমানের
ছবি: সংগৃহীত
প্রত্যেক মানুষ আত্মমর্যাদা নিয়ে বাঁচতে পারবে, এমন একটি বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বগুড়া শহরের একটি হোটেলে সিএসএফ গ্লোবালের আয়োজনে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানটির উদ্যোক্তা ছিলেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, আসুন আমরা সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ার চেষ্টা করি, যেখানে কমবেশি প্রত্যেক মানুষের একটি মর্যাদা থাকবে এবং সবাই আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকতে পারবে।
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি সমাজের দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, তাদের অনেকের মধ্যেই এমন গুণাবলি রয়েছে, যা আমাদের অনেকের নেই। সামাজিক, রাজনৈতিক ও রাষ্ট্রীয় সব অবস্থান থেকে যদি আমরা তাদের পাশে দাঁড়াই, তাহলে বাংলাদেশ আরও অনেক প্রতিভাবান মানুষ উপহার পাবে।
বিএনপি চেয়ারম্যান আরও বলেন, তাদের জন্য খুব বেশি কিছু করার প্রয়োজন নেই। শুধু একটু সুযোগ করে দিতে হবে, যাতে তারা আর দশজনের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারে এবং নিজেদের বিকশিত করতে পারে। কারণ তারা আমাদের বাইরের কেউ নয়, তারা আমাদেরই অংশ। আমাদের প্রত্যেকের পরিবারেই হয়তো এমন কেউ না কেউ আছেন।
উপস্থিত সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আজকের এই দিনে আমরা যেন শপথ নিই নিজ নিজ অবস্থান থেকে যতটুকু সম্ভব প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়াবো এবং তাদের সহযোগিতা করবো।
অনুষ্ঠানে প্রথমবারের মতো বগুড়ায় বক্তব্য দেন ডা. জোবাইদা রহমান। তিনি বলেন, আগামীর বাংলাদেশ গড়তে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে বিএনপি এগোচ্ছে এবং দেশের উন্নয়ন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দলটি প্রতিশ্রুতিবদ্ধ।
আরও পড়ুন: বগুড়ায় বিশেষ শিশুদের প্রতিভা বিকাশে উদ্যোগী বিএনপি নেতৃত্ব
অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন ১০ জন শিশুকে হুইলচেয়ার উপহার দেওয়া হয়। এ সময় তারেক রহমান শিশুদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং শিশুদের পরিবেশনায় গান উপভোগ করেন। এতে পুরো অনুষ্ঠানজুড়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি








