বগুড়ায় বিশেষ শিশুদের প্রতিভা বিকাশে উদ্যোগী বিএনপি নেতৃত্ব
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের পক্ষ থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও কিশোরদের জন্য হুইলচেয়ার বিতরণ এবং একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে বগুড়া শহরের হোটেল নাজ গার্ডেনে এই কার্যক্রম আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
এ সময় ডা. জুবাইদা রহমান নিজেও অনুষ্ঠানে উপস্থিত থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও কিশোরদের মাঝে হুইলচেয়ার বিতরণ কার্যক্রমে অংশ নেন। অনুষ্ঠানটির বিষয়টি বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও কিশোরদের মধ্যেও বহুমুখী প্রতিভা রয়েছে। এসব প্রতিভা খুঁজে বের করে যথাযথ পরিচর্যার মাধ্যমে সামনে নিয়ে আসতে পারলে তারা সমাজের জন্য সম্পদে পরিণত হতে পারে।
আরও পড়ুন: দুর্নীতির টুটি চেপে ধরার অঙ্গীকার তারেক রহমানের
তিনি বলেন, রাষ্ট্র ও সমাজের দায়িত্ব হলো তাদের সক্ষমতা বিকাশের সুযোগ সৃষ্টি করা এবং আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার পরিবেশ নিশ্চিত করা।
তারেক রহমান আরও বলেন, ‘শিশু স্বর্গ’ নামের উদ্যোগটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কাজ করছে, যেখানে তারা আত্মবিশ্বাস অর্জন করছে এবং নিজ উদ্যোগে এগিয়ে যেতে শিখছে। এই ধরনের কার্যক্রম শিশুদের অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে আসার অনুপ্রেরণা জোগাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও কিশোরদের পরিবারবর্গ, স্থানীয় অতিথি ও বিএনপির সংশ্লিষ্ট নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, এই ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








