News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:১৭, ২৮ জানুয়ারি ২০২৬

উত্তরার ত্যাগে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ তৈরি হয়েছে: তারেক রহমান

উত্তরার ত্যাগে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ তৈরি হয়েছে: তারেক রহমান

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত ১৬–১৭ বছরে জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। তবে ৫ আগস্ট উত্তরার মানুষের অসামান্য ত্যাগের মধ্য দিয়ে সেই অধিকার ফিরে পাওয়ার পথ তৈরি হয়েছে। এখন সময় দেশ গড়ার।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে উত্তরার আজমপুর ঈদগাঁও মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

গভীর রাত পর্যন্ত অপেক্ষায় থাকা হাজারো মানুষের জনসমুদ্রে তারেক রহমান উত্তরার সার্বিক উন্নয়নে বিএনপির সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরেন।

তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার যে ঐতিহাসিক আন্দোলন সংঘটিত হয়েছে, সেখানে উত্তরার মানুষের ভূমিকা ছিল অনস্বীকার্য। “ইনশাআল্লাহ, উত্তরার মানুষের এই অবদান আগামী দিনের ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে।”

তারেক রহমান আরও বলেন, এই পরিবর্তনের সূচনা হয়েছে বহু ত্যাগ, রক্ত ও প্রাণের বিনিময়ে। এই অর্জন ধরে রাখতে হলে দেশে গণতন্ত্র, ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক অধিকারকে শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠা করতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো স্বৈরাচার জনগণের অধিকার কেড়ে নিতে না পারে।

আসন্ন ১২ ফেব্রুয়ারি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর পারস্পরিক দোষারোপে জনগণের কোনো উপকার হয় না। বরং ঠান্ডা মাথায় বসে মানুষের দৈনন্দিন সমস্যার সমাধানে বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ করাই সবচেয়ে জরুরি।

উত্তরার সমস্যা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, এই এলাকার মানুষের অন্যতম প্রধান সমস্যা গ্যাস ও পানির সংকট। নিয়মিত বিল পরিশোধ করেও মানুষ কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। শুধু উত্তরায় নয়, সারা দেশেই নতুন গ্যাস কূপ অনুসন্ধান বন্ধ থাকায় এই সংকট আরও তীব্র হয়েছে।

তিনি আশ্বাস দিয়ে বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে নতুন গ্যাস কূপ অনুসন্ধান, শিল্পকারখানা স্থাপন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

এ ছাড়া উত্তরার মধ্য ও নিম্নবিত্ত মানুষের দীর্ঘদিনের দাবি একটি সরকারি হাসপাতাল উল্লেখ করে তিনি বলেন, “ধানের শীষ বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারলে এই এলাকায় একটি সরকারি হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।”

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা, ঢাকা শহরের যানজট, মাদকের ভয়াবহ বিস্তার এবং বেকারত্ব এই চারটি সমস্যাকে দেশের বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন: কেউ অন্যায়ভাবে ক্ষমতায় যাওয়ার চিন্তা করলে প্রতিরোধ করা হবে: তাহের

তারেক রহমান বলেন, খাল খনন কর্মসূচির মাধ্যমে পানি সংকট ও জলাবদ্ধতা নিরসন, সমন্বিত পরিকল্পনায় যানজট নিয়ন্ত্রণ এবং কঠোরভাবে মাদক দমন করা হবে। পাশাপাশি তরুণ ও যুব সমাজের জন্য ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা হবে।

সমাবেশের শেষ পর্যায়ে তিনি বলেন, এসব পরিকল্পনা বাস্তবায়নের জন্য জনগণের সমর্থন অপরিহার্য। “ধানের শীষকে বিজয়ী করতে পারলে আমাদের হাত শক্তিশালী হবে। আর হাত শক্তিশালী হলেই জনগণের সমস্যার কার্যকর সমাধান সম্ভব হবে।”

তিনি আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এই নির্বাচন শুধু সরকার গঠনের নয়, বরং দেশের গণতান্ত্রিক অধিকার রক্ষার নির্বাচন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়