লন্ডনে শেষ দলীয় কর্মসূচি পালন করবেন তারেক রহমান
ফাইল ছবি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে তার শেষ দলীয় কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছেন।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) যুক্তরাজ্যে অবস্থানরত দলীয় নেতাকর্মীদের সঙ্গে বিকেল ৫টায় লন্ডনের সিটি প্যাভিলিয়নে আয়োজিত একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
বিএনপি সূত্র জানায়, দেশে প্রত্যাবর্তনের আগে এটিই লন্ডনে তারেক রহমানের শেষ আনুষ্ঠানিক দলীয় কর্মসূচি। এ কর্মসূচিতে তিনি যুক্তরাজ্য বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন।
লন্ডনের স্থানীয় দলীয় নেতারা জানিয়েছেন, এই আয়োজনের মধ্য দিয়েই যুক্তরাজ্যে অবস্থানরত দলীয় নেতাকর্মীদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সময় স্বল্পতার কারণে কমিউনিটি নেতৃবৃন্দ ও সুধীজনদের সঙ্গে আলাদা কোনো অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: মহান বিজয় দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান
যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খসরুজ্জামান খসরু বলেন, দেশে ফেরার আগে লন্ডনে তারেক রহমানের এই সম্ভাব্য শেষ জনসভায় অংশ নিতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। অনুষ্ঠানকে ঘিরে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও তিনি জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এবং যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। সভা পরিচালনার দায়িত্ব পালন করবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ।
এদিকে দলীয় সূত্রে আরও জানা গেছে, আগামী ২৪ ডিসেম্বর লন্ডনের কিংস্টনে অবস্থিত বাসা থেকে হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে যাত্রাকালে নেতাকর্মীরা তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাবেন।
উল্লেখ্য, ২০০৭ সালের এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে তারেক রহমান গ্রেফতার হন। পরবর্তীতে ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার উদ্দেশে সপরিবারে যুক্তরাজ্যে যান তিনি। এরপর থেকে দীর্ঘ সময় ধরে তিনি সেখানেই অবস্থান করছেন।
নিউজবাংলাদেশ.কম/পলি








