মহান বিজয় দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি
মহান বিজয় দিবস উপলক্ষে দেশের সব মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে এক ভিডিও বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।
তারেক রহমান বলেন, “মহান বিজয় দিবসের প্রাক্কালে আমি দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানাই। ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে শুরু হওয়া স্বাধীনতাযুদ্ধ ১৬ ডিসেম্বর বিজয়ে শেষ হয়। পাক হানাদার বাহিনীকে পরাজিত করে দেশের অদম্য বীর মুক্তিযোদ্ধারা জীবনবাজি রেখে এ বিজয় অর্জন করেন। তাই ১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ ও বেদনার এক মহাকাব্যিক দিন।”
তিনি আরও বলেন, “স্বাধীনতার পর দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা ছিল নতুন রাষ্ট্রের মর্মমূলে। তবে অমানবিক ফ্যাসিস্ট শক্তি বারবার এই প্রত্যয়কে মাটিচাপা দিয়ে জনগণের অধিকার হরণ করেছে। আজও কিছু আগ্রাসী শক্তি এবং তাদের দেশীয় এজেন্টরা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলছে।”
তারেক রহমান বিজয় দিবসের প্রেরণায় জাতীয় ঐক্য গড়ে ওঠার কথা উল্লেখ করে বলেন, “আমাদের অঙ্গীকার হোক—বিভাজন ভুলে, হিংসা ভুলে, মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াবো। স্বাধীনতা ও গণতন্ত্রের সংরক্ষণে প্রতিটি বাংলাদেশিকে ঐক্যবদ্ধ হতে হবে।”
আরও পড়ুন: মহান বিজয় দিবসে স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা
তিনি দেশে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং বিজয় দিবস উপলক্ষে সব কর্মসূচির সাফল্য কামনা করেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








