News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২২:১০, ১২ ডিসেম্বর ২০২৫

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

ছবি: সংগৃহীত

দেশে রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটছে—আগামী ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার লন্ডন থেকে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান। বৈঠক শুরু হয়েছিল রাত সাড়ে ৯টায়।

মির্জা ফখরুল বলেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর ঢাকার মাটিতে এসে পৌঁছাবেন। তার এই আগমনকে শুধু স্বাগত নয়, আনন্দের সঙ্গে জানাচ্ছি।

বৈঠকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ ও সালাহ উদ্দিন আহমেদ।

তার দেশে প্রত্যাবর্তন দীর্ঘদিনের প্রতীক্ষিত বিষয়। ২০০৭ সালে এক-এগারোর পটপরিবর্তনের পর গ্রেপ্তার হন তারেক রহমান। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবার যুক্তরাজ্যে চলে যান। পরবর্তী সময়ে তিনি সেখানে অবস্থান করছিলেন।

আরও পড়ুন: হাদীর গুলিবিদ্ধের ঘটনায় তারেক রহমানের নিন্দা ও ক্ষোভ

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে বিভিন্ন মামলায় তারেক রহমানের সাজা বাতিল এবং কিছু মামলায় আইনি প্রক্রিয়ায় অব্যাহতি প্রদান করা হয়। এরপর থেকে দেশে ফেরার বিষয়ে আলোচনা চলছিল। বিএনপি নেতারা কয়েক মাস ধরে তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছিলেন, তবে নির্দিষ্ট দিন প্রকাশ করা হয়নি।

খালেদা জিয়ার স্বাস্থ্যের সংকটাপন্ন পরিস্থিতি এবং রাজনৈতিক বাস্তবতার আলোকে তারেক রহমান সম্প্রতি লন্ডন থেকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দেন। 

সেখানে তিনি উল্লেখ করেন, এমন সংকটকালে মায়ের স্নেহ-স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যেকোনো সন্তানের মতো আমারও রয়েছে। কিন্তু এটি বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়।

তিনি আরও লিখেছেন, স্পর্শকাতর বিষয়টির বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এ পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়ামাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে।

সরকারের বিভিন্ন পর্যায় থেকে বারবার জানানো হয়েছে, তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই। বিএনপির পক্ষ থেকে তাকে স্বাগত জানানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়