News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:২১, ১২ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৩:৩৯, ১৪ ডিসেম্বর ২০২৫

ওসমান হাদীর অস্ত্রোপচার সম্পন্ন, এভারকেয়ারে স্থানান্তর

ওসমান হাদীর অস্ত্রোপচার সম্পন্ন, এভারকেয়ারে স্থানান্তর

ছবি: সংগৃহীত

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, হাদীর মাথায়, বুকে ও পায়ে গুলির আঘাত রয়েছে।

তিনি জানান, পায়ের আঘাতটি সম্ভবত রিকশা থেকে পড়ে গিয়ে হয়েছে। তার অবস্থা গুরুতর ছিল, তাই প্রাথমিক অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরের প্রস্তুতি চলছে।

অপারেশনের পর হাদীকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার মাথার ভেতরের গুলি এখনও অস্ত্রোপচারের পরে পুরোপুরি সরানো হয়নি। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তার অবস্থা স্থিতিশীল, তবে নিবিড় পর্যবেক্ষণ চলছে।

গুলিবিদ্ধ হওয়ার সময় হাদীর সঙ্গে তার সহযোগী মো. রাফি ছিলেন, যিনি জানান, জুমার নামাজ শেষে আমরা হাইকোর্টের দিকে যাচ্ছিলাম। বিজয়নগরে পৌঁছালে দুটি মোটরসাইকেলে করে দুইজন এসে হাদীর ওপর গুলি ছুড়ে পালিয়ে যায়। আমি তার পেছনের রিকশায় ছিলাম।

আরও পড়ুন: হাদীর গুলিবিদ্ধের ঘটনায় তারেক রহমানের নিন্দা ও ক্ষোভ

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় বেলা ২টা ২৫ মিনিটে মোটরসাইকেলযোগে হামলাকারীরা পৌঁছে এবং গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। পুলিশ ও সিআইডি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন ও তল্লাশি চালিয়ে দুটি গুলির খোসা উদ্ধার করেছে। সেগুলো পরীক্ষা করে অস্ত্রের ধরন ও উৎস শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

এই ঘটনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হামলাকারীদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন। রাজনৈতিক নেতারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত অপরাধীদের শনাক্ত করার আহ্বান জানিয়েছেন।

হাদীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথমে তাকে সিএমএইচ হাসপাতালে নেওয়ার পরিকল্পনা ছিল। পরে সিদ্ধান্ত পরিবর্তন করে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বিশেষায়িত এম্বুলেন্সযোগে হাদীকে ঢামেক থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

হাদীর ভাই ওমর জানান, উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে। অপারেশন সম্পন্ন হয়েছে, তবে অবস্থা এখনও আশঙ্কাজনক।

এদিকে, ঘটনার প্রেক্ষিতে ঢাকায় পুলিশ ও সিআইডি সদস্যরা তল্লাশি চালিয়ে হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা করছেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়