News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৫৬, ১২ ডিসেম্বর ২০২৫

‘ওসমান হাদীর ওপর হামলা সুদুরপ্রসারী অশুভ পরিকল্পনার অংশ’

‘ওসমান হাদীর ওপর হামলা সুদুরপ্রসারী অশুভ পরিকল্পনার অংশ’

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী (৩৩) 

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে দুষ্কৃতকারীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

এই নৃশংস ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। 

বিএনপির পক্ষ থেকে সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই আক্রমণ সুদূরপ্রসারী অশুভ পরিকল্পনার অংশ। নিঃসন্দেহে এটি নির্বাচনী পরিবেশ বানচাল করার জন্য সন্ত্রাসী কার্যক্রম বিস্তার করার নীলনকশা।

বিবৃতিতে উল্লেখ করা হয়, দেশের একটি চক্র এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালাচ্ছে। পরিকল্পিতভাবে সমাজে ভয় ও আতঙ্ক ছড়িয়ে ফায়দা হাসিলের চেষ্টা করা হচ্ছে। হীন রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য হিংস্র সন্ত্রাসীরা সক্রিয় রয়েছে।

আরও পড়ুন: হাদীর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ প্রধান উপদেষ্টার

বিবৃতিতে আরও বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই–আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে গণতন্ত্রের বিজয়ের যাত্রাকে বাধাগ্রস্ত করার জন্য একটি কুচক্রী মহল দেশকে নৈরাজ্যের অন্ধকারে ঠেলে দিতে চেয়েছে। বর্তমান ঘটনার মর্মান্তিকতা সেই অপতৎপরতারই নির্মম বহিঃপ্রকাশ।

বিএনপি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছে, নাশকতাকারীদের অন্তর্ঘাতমূলক কার্যকলাপের বিষয়ে সচেতনতা বজায় রাখা জরুরি। গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রভাব বিস্তার করতেই এ ধরনের ঘটনা সংঘটিত হচ্ছে।

দলটি মনে করায়, এসব সন্ত্রাসীদের কঠোর হস্তে দমন ছাড়া বিকল্প নেই। গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং দেশের জনজীবনের নিরাপত্তা রক্ষায় দল, মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নইলে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা দেশের অস্তিত্ব বিপন্ন করতে মরিয়া হয়ে উঠবে।

শরিফ ওসমান হাদীর ওপর হামলাকারী দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানানো হচ্ছে। এছাড়াও তার দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে প্রার্থনা করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়