News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৩৬, ১২ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৭:৩৯, ১২ ডিসেম্বর ২০২৫

হাদীর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ প্রধান উপদেষ্টার

হাদীর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ প্রধান উপদেষ্টার

ফাইল ছবি

রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদী দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঘটনাটিকে ‘নির্বাচনি পরিবেশের জন্য গভীর উদ্বেগজনক’ হিসেবে উল্লেখ করেছেন। 

শনিবার (১২ ডিসেম্বর) প্রকাশিত বিবৃতিতে তিনি বলেন, শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনে এমন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং আসন্ন নির্বাচনের নিরাপদ পরিবেশ তৈরিতে এটি একটি দুঃখজনক দৃষ্টান্ত।

আহত ওসমান হাদীর চিকিৎসা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট সব দপ্তরকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানের দায়িত্ব দেন।

আরও পড়ুন: ওসমান হাদী গুলিবিদ্ধ

গুরুতর এই হামলার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে ব্যাপক ও বহুমাত্রিক তদন্ত পরিচালনার কথা বলেন। 

নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে ঘটনাস্থল থেকে সব ধরনের আলামত সংগ্রহ, প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি নেওয়া, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, হামলার পেছনে কোনো সংগঠিত পরিকল্পনা থাকলে তা উন্মোচন।

তিনি স্পষ্টভাবে বলেন, নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে সংঘটিত কোনো সহিংসতাই সহ্য করা হবে না এবং অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে।

প্রধান উপদেষ্টা দেশের সব রাজনৈতিক দল, কর্মী-সমর্থক এবং নাগরিকদের উদ্দেশে শান্তি, সংযম ও দায়িত্বশীল আচরণ বজায় রাখার আহ্বান জানিয়েছেন। 

তিনি বলেন, সবার সম্মিলিত ভূমিকা ছাড়া একটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও নিরাপদ নির্বাচন সম্ভব নয়।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়