যে দেশ মহিলারা চালায়, সে দেশে আল্লাহর গজব পড়বে: বঙ্গবীর
টাঙ্গাইল: টাঙ্গাইল-৪ উপনির্বাচন উপলক্ষে সখীপুরে এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, শাড়ি-চূড়ির দিন শেষ। যে দেশ মহিলারা চালায়, সে দেশে আল্লাহর গজব পড়বে।
তিনি আরও বলেন, আপনি জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননার খেতাব পেয়েছেন, টাঙ্গাইলের কালিহাতীর উপনির্বাচনে চুরি করলে এবার আপনি খেতাব পাবেন ভোট চোরের। কালিহাতীতে আওয়ামী লীগ এবার পাঁচ শতাংশ ভোটও পাবে না বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার বিকেলে টাঙ্গাইলের সখীপুর পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে স্থানীয় কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কৃষক শ্রমিক জনতা লীগের জন্ম হয়েছে সখীপুরে। তাই কালিহাতীর নির্বাচনে অংশ নিতে সখীপুরবাসীর অনুমতির জন্য আজ আমি জনসভা ডেকেছি।
উপজেলা জনতা লীগের সভাপতি আবদুল হালিম সরকারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন, কেন্দ্রীয় জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীরপ্রতীক, নাসরিন কাদের সিদ্দিকী, কেন্দ্রীয় জনতালীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী, আজাদ সিদ্দিকী, জুলফিকার শামীম প্রমুখ।
উপনির্বাচনে অংশ নিতে ওই জনসভায় আর্থিক সহযোগিতা কামনা করে দলের নাম লেখা কাগজ দিয়ে মোড়ানো পাঁচটি বালতি (দানবাক্স) ছেড়ে দেন তিনি। পরে দলীয় নেতাকর্মীরা ওইসব বালতি নিয়ে জনসাধারণের কাছে ঘুরে বেড়ান।
নিউজবাংলাদেশ.কম/এআরটি/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








