উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক, থাকছেন ফখরুল
ফাইল ছবি
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে অংশ নেওয়ার জন্য তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমন্ত্রণ জানিয়েছেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, মির্জা ফখরুল এভারকেয়ার হাসপাতালে থেকে বৈঠকে উপস্থিত হওয়ার জন্য রওনা হয়েছেন।
এদিকে, দলের চেয়ারপারসনের মৃত্যুতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি সভা ডাকা হয়েছে। সভা দুপুর সাড়ে ১২টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
এর আগে মঙ্গলবার সকাল ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন রাজনৈতিক নেতা গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া বিএনপি সাত দিনের শোক পালনের কর্মসূচি ঘোষণা করেছে।
উল্লেখ্য, আওয়ামী লীগের দীর্ঘ ১৬ বছরের শাসনামলে খালেদা জিয়া কারাভোগের পাশাপাশি চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। ধীরে ধীরে তার স্বাস্থ্য অবনতি হয়; হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনিসহ নানা শারীরিক জটিলতা দেখা দেয়।
আরও পড়ুন: খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
২০২৪ সালের জুলাইয়ে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন শেষে সরকার পতনের আন্দোলনে গড়ে ওঠে। এরপর ৬ আগস্ট রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন খালেদা জিয়াকে মুক্তি দেন। উন্নত চিকিৎসার জন্য ৭ জানুয়ারি লন্ডনে যান তিনি এবং ১১৭ দিন পর ৬ মে দেশে ফেরেন। যদিও স্বাস্থ্যে কিছুটা উন্নতি হয়, তবুও বয়স ও নানা রোগের জটিলতায় তিনি দুর্বল হয়ে পড়েছিলেন।
সবশেষে ২৩ নভেম্বর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং এক মাসেরও বেশি সময় সেখানেই চিকিৎসাধীন ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








