হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে রাতভর অবস্থান কর্মসূচি
ছবি: সংগৃহীত
রাজধানীর শাহবাগে ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তীব্র শীত উপেক্ষা করে খোলা আকাশের নিচে অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার দাবিতে গভীর রাত পর্যন্ত সেখানে বিক্ষোভ চলতে থাকে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে শাহবাগের হাদি চত্বরে ‘হাদি হত্যার বিচার চাই’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। এ সময় কেউ কবিতা আবৃত্তি করেন, কেউ হাদিকে নিয়ে গান গাইছেন। আবার অনেকে কিছুক্ষণ পরপর দূরে গিয়ে হাদির কবর জিয়ারত করে ফিরে আসছেন।
এর আগে, ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে সারারাত অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। ঘোষণার পর নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ হাদি চত্বরে জড়ো হয়ে অবস্থান নেন।
কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, এই লড়াই চালিয়ে যেতে হবে। খুনিদের গ্রেপ্তার না করা পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলেও ঘোষণা দেন তিনি।
আরও পড়ুন: দেশে আবারও ভূকম্পন অনুভূত
এদিকে, শনিবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওসমান হাদির কবর জিয়ারতের সময়সূচি রয়েছে। এ বিষয়ে ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় মুখপাত্র ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা বলেন, তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। এ ব্যাপারে আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








