‘তারেক রহমানের ভোটার হতে কোনো আইনি বাধা নেই’
ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভোটার হতে আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।
শুক্রবার (২৬ ডিসেম্বর) গণমাধ্যমকে তিনি বলেন, নির্বাচন কমিশন চাইলে যেকোনো সময় যে কাউকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারে। ভোটার তালিকা আইনের ১৫ অনুচ্ছেদ অনুযায়ী বিশেষ পরিস্থিতিতে নির্ধারিত সময়ের বাইরেও ভোটার হওয়ার সুযোগ রয়েছে।
তবে তারেক রহমান ভোটার হতে শনিবার (২৮ ডিসেম্বর) নির্বাচন ভবনে আসবেন কি না সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি ইসি মাছউদ।
এরই মধ্যে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতোমধ্যে তার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলীয় নেতাকর্মীরা।
এ বিষয়ে এর আগে গত ২২ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, দেশে ফিরে শনিবার (২৭ ডিসেম্বর) তারেক রহমান ভোটার হবেন।
আরও পড়ুন: আজ বাবার কবর জিয়ারত ও স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। এ সময় তাকে বরণ করেন তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু।
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থানকালে মুঠোফোনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি কৃতজ্ঞতা জানান তারেক রহমান।
এরপর সর্বোচ্চ নিরাপত্তা ও প্রটোকলের মধ্যে বুলেটপ্রুফ বাসে করে তিনি পূর্বাচল ৩০০ ফিট এলাকার সংবর্ধনা মঞ্চে পৌঁছান। এ সময় রাস্তার দুই পাশে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে। ১৭ বছর পর দেশে ফেরা তারেক রহমানকে একনজর দেখার আগ্রহে এবং তার প্রত্যাবর্তনের স্মরণীয় মুহূর্তের সাক্ষী হতে বিপুল সংখ্যক মানুষ বিমানবন্দর থেকে পূর্বাচল পর্যন্ত অবস্থান নেন। এতে পুরো পথজুড়ে সৃষ্টি হয় জনসমাগম।
এদিকে দেশে ফেরার পর আয়োজিত গণসংবর্ধনায় উপস্থিত লাখো নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশে ভাষণও দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
গণসংবর্ধনা শেষে তারেক রহমান সরাসরি হাসপাতালে গিয়ে মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।
নিউজবাংলাদেশ.কম/পলি








